সিরাজগঞ্জে ট্রাকচাপায় এনজিও কর্মকর্তা নিহত

সিরাজগঞ্জে ট্রাকচাপায় এনজিও কর্মকর্তা নিহত

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জে সদর উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আলমগীর হোসেন (৩৫) নামে এক এনজিও কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত আলমগীর হোসেন চৌহালী উপজেলার চরধীতপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে ও বেসরকারি উন্নয়ন সংস্থা মানব মুক্তির হিসাবরক্ষক পদে কর্মরত ছিলেন।

এ ঘটনায় আহত রেজাউল করিম একই সংস্থার শাখা ব্যবস্থাপক। গতকাল সোমবার বিকেলে যমুনাসেতু পশ্চিম মহাসড়কে সয়দাবাদ ইউনিয়নের মুলিবাড়ি চেকপোস্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্বজনরা জানান, গতকাল সোমবার বিকেলে যমুনাসেতুর পশ্চিমপাড় কড্ডারমোড় বাসস্ট্যান্ড থেকে সয়দাবাদ খাস বড় শিমুলে সংস্থার প্রধান কার্যালয়ে মোটরসাইকেলযোগে আসছিলেন আলমগীর হোসেন ও রেজাউল করিম। তখন দ্রুতগামী একটি মাটিবাহী ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে আলমগীর হোসেন মারা যান ও আরেকজন গুরুতর আহত হন।

তাৎক্ষণিক স্থানীয়দের সহযোগিতায় পুলিশ নিহতের লাশ উদ্ধার করে শহিদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ ও আহতকে হাসপাতালে ভর্তি করে। যমুনাসেতু পশ্চিম থানার ওসি আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাকটি পালিয়ে যাওয়ায় এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/163193