বাঁশখালীতে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১

বাঁশখালীতে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক সেবনের সরঞ্জামসহ ফজল কাদের (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সরল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব কাহারঘোনা বলিপাড়া এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে বাঁশখালী থানা পুলিশ। 

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক সেবনে ব্যবহৃত ৩টি অ্যালুমিনিয়াম ফয়েল পেপার জব্দ করা হয়।

গ্রেফতারকৃত ফজল কাদের ওই এলাকার মৃত আসহাব মিয়া ও জানু বিবির ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি সরল ইউনিয়নের কাহারঘোনা এলাকায় মাদক সেবনের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, কিছু চিহ্নিত যুবক উন্মুক্ত স্থান ও পুকুরপাড়ে দলবদ্ধ হয়ে মাদক সেবনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত রয়েছে। বিষয়টি নিয়ে কাহারঘোনা সংস্কার পরিষদের পক্ষ থেকে থানা ও স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয় এবং দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

এরই প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করে।

এদিকে, এলাকায় মাদক ও অপরাধ নির্মূলে স্থানীয়দের উদ্যোগে মঙ্গলবার বিকেলে পূর্ব কাহারঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। কাহারঘোনা সংস্কার পরিষদ ও সচেতন নাগরিকদের আয়োজনে অনুষ্ঠিত এ সমাবেশে ওমর কাজী, সিরাজ, সেলিম, হারুনুর রশিদ, মোহাম্মদ আলী, নজরুল ইসলাম খান, ইসমাঈল, নুরুল আসলামসহ আরও অনেকে বক্তব্য রাখেন। বক্তারা মাদকমুক্ত সমাজ গড়তে সকলের সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ জানান,গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মাদক সংশ্লিষ্ট যেকোনো অপরাধের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/163184