সোনারগাঁয়ে সংঘবদ্ধ ডাকাতদলের তাণ্ডবের শিকার সৌদিপ্রবাসী

সোনারগাঁয়ে সংঘবদ্ধ ডাকাতদলের তাণ্ডবের শিকার সৌদিপ্রবাসী

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সংঘবদ্ধ ডাকাতদলের তাণ্ডবের শিকার হয়েছেন এক সৌদিপ্রবাসী। ডাকাতি চলাকালীন বাধা দেওয়ায় মাইক্রোবাসের চালককে গুলি করে পালিয়ে গেছে দুর্বৃত্তরা।

আজ মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৭টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাড়িয়ারচর ব্রিজের ওপর এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, চাঁদপুর জেলার পূর্ব জাফরাবাদ গ্রামের বাসিন্দা সৌদিপ্রবাসী মো. দেলোয়ার হোসেন ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাইক্রোবাসযোগে নিজ বাড়ির উদ্দেশে রওনা হন। পথে আষাড়িয়ারচর ব্রিজ এলাকায় পৌঁছালে ৪টি মোটরসাইকেল ও একটি প্রোবক্স গাড়িতে আসা ১০-১২ জনের একটি সশস্ত্র ডাকাতদল তাদের গতিরোধ করে।

​ডাকাতরা গাড়িটি ঘিরে ধরে এবং দেশীয় অস্ত্রের মুখে প্রবাসীর পাসপোর্ট, মোবাইল ফোন, সৌদি রিয়ালসহ মূল্যবান মালামাল ছিনিয়ে নিতে থাকে। এ সময় মাইক্রোবাস চালক ফিরোজ মিয়া বাধা দিলে এবং ডাকাতদের সাথে ধস্তাধস্তিতে লিপ্ত হলে, একপর্যায়ে ডাকাতদলের এক সদস্য তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ফিরোজ মিয়া গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

​ঘটনার পর স্থানীয় পথচারীরা এগিয়ে এলে ডাকাতরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে গুলিবিদ্ধ চালককে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

সোনারগাঁ থানার ওসি মুহিবুল্লাহ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা মালামাল পুরোপুরি লুট করতে পারেনি। গুলির ঘটনার বিষয়ে তিনি বলেন, স্থানীয়দের কাছ থেকে গুলিবর্ষণের কথা শোনা গেছে। আমরা বিষয়টি গুরুত্বের সাথে যাচাই করছি।

​তিনি আরও জানান, এখন পর্যন্ত ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। তবে পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে বিশেষ অভিযান শুরু করেছে।

​দিনের আলোতে মহাসড়কের ওপর এমন দুঃসাহসিক ডাকাতি ও গুলিবর্ষণের ঘটনায় সাধারণ যাত্রী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/163179