জামিন পেলেন না বগুড়া শাজাহানপুর থানার সাবেক ওসি আলমগীর
কোর্ট রিপোর্টার : বগুড়ায় বিএনপি’র সাবেক নেতা ও ট্রাক পরিবহন ব্যবসায়ী ফজলুল হক উজ্জ্বলকে ২০১৬ সালে গ্রেফতার করে খুনসহ ক্রস ফায়ারের ভয় দেখিয়ে ৩ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে দায়েরকৃত মামলার হাজতি আসামি শাজাহানপুর থানার ওসি (বর্তমানে বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত) আলমগীর হোসাইনের (৫৯) জামিনের আবেদন বগুড়ার দায়রা জজ আদালতে নামঞ্জুর করা হয়েছে।
আজ মঙ্গলবার (৩১ মার্চ) বগুড়ার সিনিয়র দায়রা জজ শাহজাহান কবির ওই আসামির জামিনের আবেদন নামঞ্জুর করেন। উল্লেখ্য, বগুড়ার শাজাহানপুর উপজেলার উমরদীঘির মৃত মমতাজুর রহমানের ছেলে, ২০১৬ সালে বগুড়া জেলা বিএনপি’র সহ প্রকাশনা সস্পাদক ব্যবসায়ী ফজুলুল হক উজ্জ্বল বাদি হয়ে ওই আসামির বিরুদ্ধে এই মামলা দায়ের করেন।
বিগত ২০১৬ সালের ২৪ ফেব্রুয়ারি ফজুলুল হক উজ্জ্বল তার নিজস্ব প্রাইভেটকার নিয়ে ব্যবসায়িক কাজে নন্দীগ্রামের বিজরুলে যান। সেখান থেকে তিনি জামাদারপুকুর আসাকালে বিকেল ৫টার দিকে আতাইল চৌরাস্তার মোড়ে শাজাহানপুর থানার তৎকালীন ওসি আলমগীর হোসাইন তার সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ফজুলুল হক উজ্জ্বলকে ধরে থানায় নিয়ে এসে মারপিট করেন এবং ৫ লাখ টাকা দাবি করে ক্রস ফায়ারের ভয় দেখান। বাদি জীবন রক্ষার্থে ৩ লাখ টাকা সংগ্রহ করে সাক্ষী এনামুল করিম স্বপনের মাধ্যমে আলমগীর হোসাইনকে প্রদান করেন।
উজ্জ্বলের বিরুদ্ধে কোন মামলা না থাকা সত্ত্বেও তাকে শাজাহানপুর থানার মারপিটসহ সরকারি কাজে বাধা প্রদান ও বিস্ফোরক দ্রব্য আইনের একটি মিথ্যা অভিযোগের মামলায় কোর্টে চালান দিলে তিনি দীর্ঘদিন হাজতবাসের পর জামিন পান। ঘুষ বাণিজ্য নানা অপকর্মের কারণে ওসি আলমগীর হোসাইনকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।
ফ্যাসিবাদি শাসক শেখ হাসিনা সরকারের পতনের পর বাদি গত ২০২৫ সালের ১৪ জুলাই বিকেলে বগুড়া শহরের খান্দারে তার বাসার নিচে দেখতে পেয়ে আলমগীর হোসাইনের কাছে ওই টাকা ফেরত চাইলে তিনি তা ফেরত দিতে অস্বীকার করেন। পরে বাদি ওই আসামির বিরুদ্ধে এই মামলা দায়ের করেন।
ওই মামলায় গত ৯ মার্চ ওই আসামি শাজাহানপুর আমলি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে ওই আদালতের দায়িত্বপ্রাপ্ত বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবু হেনা সিদ্দিকী জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন। মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি এড. টিএম তারিকুল ইসলাম সাচ্চু এবং আসামি পক্ষে আব্দুল মতিন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/163171