সুন্দরবনে ডাকাত বাহিনী জোনাবের কবল থেকে হাত পা বাঁধা জেলে উদ্ধার

সুন্দরবনে ডাকাত বাহিনী জোনাবের কবল থেকে হাত পা বাঁধা জেলে উদ্ধার

সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত ‘জোনাব’ বাহিনীর হাতে অপহৃত এক জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড।

আজ মঙ্গলবার (৩১ মার্চ) সকালে বনের খড়কুড়িয়া খাল সংলগ্ন এলাকা থেকে হাত-পা বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া জেলের নাম মজিবর গাজী (৫০)। তিনি খুলনা জেলার কয়রা থানার বাসিন্দা।

কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে, জোনাব বাহিনীর ডাকাতরা খড়কুড়িয়া খাল এলাকায় অবস্থান করছে। তথ্যের ভিত্তিতে কোস্টগার্ডের একটি দল সেখানে বিশেষ অভিযান চালায়। অভিযান চলাকালে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা বনের গহীনে পালিয়ে যায়। এ সময় তারা মুক্তিপণের দাবিতে আটকে রাখা মজিবর গাজীকে নৌকায় হাত-পা বাঁধা অবস্থায় ফেলে রেখে যায়। পরে কোস্টগার্ড সদস্যরা তাকে উদ্ধার করেন।

সাব্বির আলম সুজন বলেন, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে বাংলাদেশ কোস্টগার্ডের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উল্লেখ্য, সুন্দরবনে দস্যু দমনে কোস্টগার্ডের তৎপরতা সম্প্রতি বেড়েছে। এর আগে গত ১৭ মার্চ শিবসা নদী সংলগ্ন কালিরখাল এলাকা থেকে নানা বাহিনীর হাতে অপহৃত ৬ জেলেকে উদ্ধার করেছিল বাহিনীটি।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/163163