পঞ্চগড়ে বেশি দামে পেট্রোল বিক্রি মোটরসাইকেল মেকানিককে ৭ দিনের কারাদণ্ড

পঞ্চগড়ে বেশি দামে পেট্রোল বিক্রি মোটরসাইকেল মেকানিককে ৭ দিনের কারাদণ্ড

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে খোলা বাজারে প্রতি লিটার ৩০০ টাকায় বিক্রি করার দায়ে কেশব রায় নামে এক মোটরসাইকেল মেকানিককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর ১২টায় পৌরশহরের জগবন্ধু ঠাকুরবাড়ি সংলগ্ন এশিয়ান মহাসড়কের পাশে অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত কেশব রায় দেবীগঞ্জ উপজেলার সোনাহার মল্লিকাদহ ইউনিয়নের কুমারগাড়ী এলাকার সুভাষ রায়ের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার (৩১ মার্চ) সকালে তিনি খোলা বাজারে লিটার প্রতি ৩০০ টাকা দরে পেট্রোল ও অকটেন বিক্রি করছিলেন। খোকন ও কাশেম নামে দুই ব্যক্তি তেল কিনতে গেলে অতিরিক্ত দামের বিষয়টি প্রকাশ পায়। স্থানীয়রা তাকে আটক করে থানায় খবর দেন। খবর পেয়ে দেবীগঞ্জ থানা পুলিশের এস.আই নাছিম ও তার সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেন।

পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাক এবং দেবীগঞ্জ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় একটি ড্রামে ২৭ লিটার পেট্রোল জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও ইউএনও সবুজ কুমার বসাক ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪০ ধারায় কেশব রায়কে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। একই সাথে জব্দকৃত তেল বাজারমূল্যে বিক্রি করে ৩ হাজার ১৩২ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।

অভিযুক্ত কেশব রায় জানান, তার নিজস্ব তিনটি মোটরসাইকেল রয়েছে এবং বিভিন্ন ফিলিং স্টেশনে লাইনে দাঁড়িয়ে অল্প অল্প করে তেল সংগ্রহ করতেন। গত তিন দিন ধরে তিনি বাড়তি দামে তেল বিক্রি শুরু করেন। তেল সহজলভ্য থাকাকালে স্বাভাবিক দামে বিক্রি করতেন বলেও জানান।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/163159