চট্টগ্রামের সলিমপুরে অবৈধভাবে মজুত করা ২৫,০০০ লিটার ডিজেল জব্দ

চট্টগ্রামের সলিমপুরে অবৈধভাবে মজুত করা ২৫,০০০ লিটার ডিজেল জব্দ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর সিডিএ আবাসিক এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা একটি মিনি ডিপো থেকে ২৫ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়েছে।  

গতকাল সোমবার (৩০ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে জেলা প্রশাসন, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে এই ডিজেল জব্দ করা হয়। জব্দকৃত এই ডিজেলের বাজার মূল্য প্রায় ২৫ লাখ টাকা। অভিযানে কয়েকটি তেলবাহী ট্রাকে ব্যবহৃত লোহার ড্রাম ও তেল সরবরাহের অন্যান্য সরঞ্জামও জব্দ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি কালোবাজারি চক্র প্রশাসনের নজর ফাঁকি দিয়ে সলিমপুরে বাইরে থেকে তেল এনে ডিপোটি তৈরি করেছিল। সেখানে মাটিতে গর্ত করে এবং লোহার ড্রামে সঙ্কট তৈরির আগে থেকেই তেল মজুত করা হয়েছিল।   

অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বলেন, এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। তবে এর সাথে যারা জড়িত তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।  

চট্টগ্রামে তেলের সংকট নেই, তবে কয়েকটি চক্র অবৈধ মুজুতের মাধ্যমে বাজারে সংকট তৈরি করছে বলেও উল্লেখ করেন তিনি।  

জেলা প্রশাসক জানান, চট্টগ্রামে এখন পর্যন্ত অবৈধ মজুত করা ৩৫ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করা হয়েছে। এছাড়াও কালোবাজারি, অবৈধ মজুত ও দাম বৃদ্ধির কারণে জেলায় ৯৮টি মামলা করা হয়েছে এবং চার লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। 

চট্টগ্রামে তেলের সংকট নেই জানিয়ে জেলা প্রশাসক বলেন, কালোবাজারি বন্ধে জেলা প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। এই বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না। তেল সরবরাহ স্বাভাবিক রাখতে আমাদের প্রশাসন নিয়মিত তদারকি করছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানের সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন, যমুনা অয়েলের এজিএম ক্যাপ্টেন শেখ জাহেদ আহমেদ প্রমুখ। 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/163155