ভারত সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

ভারত সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের কারণে বিশ্বব্যাপী জ্বালানি তেলের দাম অস্বাভাবিকভাবে বেড়ে চলেছে। আন্তর্জাতিক বাজারে ব্যারেলপ্রতি অপরিশোধিত তেলের দাম ১১০ মার্কিন ডলার ছাড়িয়েছে। চলমান এই উত্তেজনার মধ্যেই আগামী ৭ এপ্রিল ভারত সফরে যাচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের পর বাংলাদেশের কোনো মন্ত্রীর এটি প্রথম সফর হবে। সফরে জ্বালানি আমদানি ও পানিবণ্টন চুক্তির বিষয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে। মঙ্গলবার (৩১ মার্চ) সংশ্লিষ্ট সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের এ সফরে গঙ্গা পানি বণ্টন চুক্তি এবং ভারত থেকে আরো জ্বালানি আনার ব্যাপারে আলোচনা হতে পারে।

নাম প্রকাশ না করার শর্তে ভারতীয় একটি সূত্রগুলো জানিয়েছেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং বাণিজ্যমন্ত্রী পীযুষ গোয়ালের সঙ্গে আগামী ৮ এপ্রিল বৈঠক করবেন।


জাতিসংঘের সাধারণ পরিষদের ২০২৬-২৭-এর সভাপতি পদের জন্য বাংলাদেশ নমিনেশন দিয়েছে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে। তিনি এ ক্ষেত্রে ভারতের সহায়তা চাইতে পারেন বলেও জানায় হিন্দুস্তান টাইমস।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী ভারতের সঙ্গে বাড়তি জ্বালানি, বিশেষ করে ডিজেলের সরবরাহ নিয়ে কথা বলবেন। ফলে ভারতের জ্বালানিমন্ত্রী হরদ্বীপ পুরির সঙ্গে ড. খলিলুর রহমানের আলোচনা হতে পারে।

 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/163143