বিশ্বকাপের চূড়ান্ত দল নিয়ে কঠোর অবস্থানে স্কালোনি

বিশ্বকাপের চূড়ান্ত দল নিয়ে কঠোর অবস্থানে স্কালোনি

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি বিশ্বকাপের চূড়ান্ত দল নির্বাচনে কঠোর অবস্থান নিয়েছেন। মৌরিতানিয়া ও জাম্বিয়ার বিপক্ষে আন্তর্জাতিক উইন্ডোর শেষ দুই ম্যাচে খেলোয়াড়দের পারফরম্যান্স বিশ্লেষণ করে তিনি স্কোয়াড চূড়ান্ত করবেন।

সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ‘আমরা ইতোমধ্যে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে ৫৫ জনের তালিকা জমা দিয়েছি, তারা সেটা ফিফার কাছে উপস্থাপন করবে। খেলোয়াড়দের পারফরম্যান্সের ভিত্তিতে আমরা তালিকা ছোট করব। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে একদম শেষ মুহূর্তে।’

তিনি যোগ করেন, ‘যারা আমাদের সঙ্গে অনেক দিন ধরে আছে, তারা এগিয়ে থাকবে, কারণ আমরা তাদের সম্পর্কে জানি। তবে যদি পারফরম্যান্স সন্তোষজনক না হয়, তবে আমরা অবশ্যই কঠোর পদক্ষেপ নেব।’

মৌরিতানিয়ার বিপক্ষে ২-১ গোলে জয়ের পর স্কালোনি আত্মসমালোচক হন। দলের গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজও দলের পারফরম্যান্স নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। স্কালোনি বলেন, ‘এটা ভালো লক্ষণ যে, তারা বুঝতে পেরেছে ম্যাচটা ভালো ছিল না।’

বিশ্বকাপের আগে আরও দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। একটি ম্যাচের প্রতিপক্ষ সার্বিয়া, অন্যটি চূড়ান্ত হয়নি। এই দুটি ম্যাচের পরই ২৬ জনের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হতে পারে বলে ধারণা।

বিশ্বকাপে অংশ নিতে যাওয়া প্রত্যেক দলকে ৩০ মের মধ্যে স্কোয়াড চূড়ান্ত করতে হবে। আর্জেন্টিনার বিশ্বকাপ শুরু হবে আলজেরিয়ার বিপক্ষে ১৬ জুন। এরপর ২২ ও ২৭ জুন ‘জে’ গ্রুপে তাদের খেলা যথাক্রমে অস্ট্রিয়া ও জর্ডানের বিপক্ষে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/163141