দাউদকান্দিতে ভুট্টা ক্ষেত থেকে অচেতন শিশু উদ্ধার
কুমিল্লার দাউদকান্দি পৌরসভার ভূট্টা ক্ষেত থেকে হাবিবা নামে সাত বছর বয়সী এক শিশুকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করার কথা জানিয়েছে পরিবার।
গতকাল সোমবার (৩০ মার্চ) রাতে বিষয়টি জানাজানি হয়। এর আগে সকাল ১১টার দিকে হাসানপুর গ্রামের একটি ভূট্টা ক্ষেত থেকে ওই শিশুকে উদ্ধার করা হয়।
আহত হাবিবা দাউদকান্দি পৌরসভার হাসানপুর গ্রামের দিনমজুর বিল্লাল হোসেনের মেয়ে ও হাসানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণির ছাত্রী।
স্থানীয়রা জানান, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে হাবিবা বাড়ি থেকে বের হয়। এরপর তার মা ডাকাডাকি করে তাকে খুঁজে না পেয়ে বাড়ির লোকজনকে জানায়। পরে বাড়ির ও আশপাশের লোকজন পাশের ভুট্টা ক্ষেতে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। এসময় তার ঘাড় ও মাথায় আঘাতের চিহ্ন ছিল। পরে তাকে উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গৌরীপুরে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়।
প্রতিবেশি মো. রমজান মিয়া জানান, হাবিবার কানে সোনার জিনিস ছিল। জিনিসগুলো নিতেই তাকে মারধর করে এবং মরে গেছে ভেবে ভুট্টা ক্ষেতে ফেলে যায়।
দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.হাবিবুর রহমান জানান, আহত শিশুকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে পাশবিক নির্যাতনের কোনো আলামক পাওয়া যায়নি।