ইতালিসহ চারদলের বিশ্বকাপ ভাগ্য নির্ধারণ আজ

ইতালিসহ চারদলের বিশ্বকাপ ভাগ্য নির্ধারণ আজ

স্পোর্টস ডেস্ক : রাতে ইউরোপ অঞ্চলের প্লে-অফ ফাইনাল রাউন্ডে নির্ধারিত হবে চার দলের ভাগ্য। ঘরের মাঠে সাবেক চ্যাম্পিয়ন ইতালিকে আতিথ্য দেবে বসনিয়া। ফ্রেন্ডস অ্যারেনায় সুইডেনের প্রতিপক্ষ পোল্যান্ড। বিশ্বকাপের টিকিট পেতে ডেনমার্ককে পেরোতে হবে চেক প্রজাতন্ত্রের বাধা। প্রিস্টিনায় তুরস্ককে আতিথ্য দেবে কসোভো। সবগুলো ম্যাচই শুরু হবে রাত পৌনে ১টায়।

এদিকে আন্তমহাদেশীয় প্লে-অফ ফাইনালে বলিভিয়ার বিপক্ষে লড়বে ইরাক। জ্যামাইকার প্রতিপক্ষ কঙ্গো। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালির শেষ দুই বিশ্বকাপ কেটেছে দর্শক হিসেবে। গ্রেটেস্ট শো অন আর্থের এবারের আসরের টিকিট নিশ্চিত করতে তাই প্লে-অফ ফাইনাল খেলতে হচ্ছে তাদের। বসনিয়ার বিপক্ষে ইতালির বিশ্বকাপে ফেরা তাই বিশেষ তাৎপর্যপূর্ণ। দু’দলই সর্বশেষ বিশ্বকাপ খেলেছে ২০১৪ সালে। প্রতিপক্ষের পাশাপাশি বসনিয়ার বিপক্ষে ম্যাচের আগে আবহাওয়ার বৈরিতাও ভাবাচ্ছে গাত্তুসোর দলকে।

ইতালি কোচ জেন্নারো গাত্তুসো বলেন, আমরা অনেক শক্তিশালী একটি দলের বিপক্ষে মাঠে নামছি। তাদের ফুটবলাররা খুবই ভালো। বিশ্বকাপে জায়গা পেতে হলে আমাদের সর্বোচ্চ মানের খেলাই খেলতে হবে। বসনিয়ার বিপক্ষে শেষ ছয় দেখায় ইতালির চার জয়, এক হার ও এক ড্র রয়েছে, তাই ফেভারিট আজ্জুরিরাই।

হাইভোল্টেজ লড়াইয়ে সুইডেনের প্রতিপক্ষ পোল্যান্ড। দুই দলের শেষ দেখায় জয় পেয়েছিল পোলিশরা, তবে সুইডেনের মাটিতে পোল্যান্ডের সবশেষ জয় এসেছে ৯৫ বছর আগে। যদিও সাম্প্রতিক পারফরম্যান্সে এগিয়ে রয়েছে লেভান্ডোভস্কিদের দল। লিভারপুল তারকা আলেকজান্ডার ইসাক ইনজুরিতে থাকায় সুইডেনের প্রত্যাশার চাপ ভিক্টর ইয়োকেরেসের কাঁধে। প্লে-অফ সেমিফাইনালে তার হ্যাটট্রিকে জিতেছিল সুইডেন।

প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার দ্বারপ্রান্তে ইউরোপের ছোট্ট দেশ কসোভো। প্রিস্টিনার সাড়ে ১২ হাজার দর্শকের গ্যালারির টিকিট নিমিষেই বিক্রি হয়ে গেছে। শহরজুড়ে বড় পর্দায় ম্যাচ দেখানোর ব্যবস্থাও রাখা হয়েছে। তুরস্কের বিপক্ষে ম্যাচ জিতলেই ফুটবলাররা পাবেন ১৪১ কোটি টাকার বোনাস। অন্যদিকে, ২০ বছর ধরে বিশ্ব আসরে অনুপস্থিত তুরস্ক। তবে সাম্প্রতিক পরিসংখ্যান টার্কিশদের পক্ষেশেষ তিন ম্যাচে প্রতিপক্ষের জালে ১২ গোল করার বিপরীতে তারা হজম করেছে মাত্র ২ গোল।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/163104