রমেকে হামে আক্রান্ত চার শিশু ভর্তি : আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা শুরু
রংপুর জেলা প্রতিনিধি : রংপুরে হামের প্রকোপ দেখা দিয়েছে। রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে হামে আক্রান্ত চার শিশু ভর্তি রয়েছে। রোগীদের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে। হাম নিয়ে আতঙ্কিত না হয়ে আক্রান্তদের হাসপাতালে চিকিৎসা নেয়ার পরামর্শ দিয়েছেন কর্তৃপক্ষ।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, গত সপ্তাহ থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত শিশু আসতে শুরু করে। আজ মঙ্গলবার পর্যন্ত হাসপাতালে হামে আক্রান্ত ৪ শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে গত ২৩ মার্চ লালমনিরহাট সদর উপজেলার আব্দুস সালামের মেয়ে আমাতুল্লাহ জান্নাত (৮ মাস), ২৫ মার্চ দিনাজপুর পাবর্তীপুরের রণজিৎ রায়ের মেয়ে প্রজ্ঞা রায় (৭ মাস), ২৯ মার্চ গাইবান্ধা সুন্দরগঞ্জের আলামিনের ছেলে আরাফাত (২ বছর) ও ২৯ মার্চ রংপুর নগরীর তাজহাট এলাকার সোহাগ আহম্মেদের ছেলে সাইয়েম আহম্মেদ (৯ মাস) হাসপাতালে ভর্তি হন। আক্রান্তদের শিশু বিভাগ থেকে স্থানান্তর করে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে। আইসোলেশন ওয়ার্ডে শিশুদের জন্য অক্সিজেন সরবরাহসহ চিকিৎসার সার্বিক ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ।
গাইবান্ধার সাদুল্লাপুর থেকে আসা আব্দুস সালাম বলেন, সকাল থেকে বাচ্চার শরীরে র্যাশ উঠা শুরু হয়েছে। পরে বেশি পরিমাণ উঠতে শুরু করে। বিষয়টি শিশু চিকিৎসককে দেখালে তিনি হামের কথা বলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে বাচ্চার চিকিৎসা চলছে।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান জানান, হাম নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে ৪ শিশু চিকিৎসা নিচ্ছে। তাদের শিশু বিভাগের পাশে একটি ১০ বেডের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে। এখন পর্যন্ত বয়স্ক কান রোগী নেই। তারপরেও আমরা সেবা দিতে প্রস্তুত আছি।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/163090