ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ড আইন পাস করলো ইসরায়েল
আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনিদের লক্ষ্য করে একতরফা ও বিতর্কিত একটি মৃত্যুদণ্ড বিল পাস করেছে ইসরায়েলের সংসদ নেসেট। নতুন এই আইনে ‘সন্ত্রাসী কর্মকাণ্ডে’ ইসরায়েলি নাগরিক হত্যার দায়ে দোষী সাব্যস্ত ফিলিস্তিনিদের মৃত্যুদণ্ড দিতে সামরিক আদালতকে নির্দেশ দেওয়া হয়েছে। তবে একই অপরাধে দোষী ইহুদি ইসরায়েলিদের ক্ষেত্রে এই শাস্তি প্রযোজ্য হবে না।
গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে চলমান ইসরায়েলের অভিযানের মধ্যেই এই আইন আনা হয়েছে। নতুন আইনে বলা হয়েছে, বিচারকারী সামরিক আদালত কেবল পশ্চিম তীরের ফিলিস্তিনিদেরকেই ইসরায়েলিদের বিরুদ্ধে প্রাণঘাতী হামলার দায়ে দোষী প্রমাণিত হলে কঠোর এই শাস্তি দেবে। ১২০ আসনের পার্লামেন্টে সোমবার (৩০ মার্চ) বিলটি পাস হয়। এতে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুসহ ৬২ জন আইনপ্রণেতা পক্ষে ভোট দেন, বিপক্ষে ভোট দেন ৪৮ জন ও একজন ভোটদানে বিরত থাকেন। আইনটি ৩০ দিনের মধ্যে কার্যকর হবে। এই আইন পাস হওয়াকে ইসরায়েলের কট্টর ডানপন্থিদের বড় বিজয় হিসেবে দেখা হচ্ছে। জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভীর এই আইন প্রণয়নের পক্ষে জোরালো ভূমিকা রাখেন। তার দল ওৎসমা ইহুদিত (ইহুদি শক্তি) পার্টির সঙ্গে নেতানিয়াহুর জোট চুক্তির অন্যতম শর্তই ছিল এই আইন কার্যকর করা।
এদিকে, ফিলিস্তিনি কর্তৃপক্ষ এই বিলকে ‘ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে যুদ্ধাপরাধ’ হিসেবে অভিহিত করেছে। তাদের দাবি, এটি চতুর্থ জেনেভা কনভেনশন লঙ্ঘন করে, বিশেষ করে ব্যক্তির সুরক্ষা ও ন্যায়বিচারের নিশ্চয়তা সংক্রান্ত বিধানগুলোকে।
ইসরায়েল ডেমোক্রেসি ইনস্টিটিউটের গণতান্ত্রিক মূল্যবোধ ও প্রতিষ্ঠান কেন্দ্রের জ্যেষ্ঠ ফেলো আমিচাই কোহেন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেন, এই আইনের আওতায় কোনো ইহুদির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে না তিনি আরও বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী পশ্চিম তীরে ইসরায়েলের সংসদের আইন প্রণয়ন করা উচিত নয়, কারণ এটি ইসরায়েলের সার্বভৌম ভূখণ্ড নয়, যদিও নেতানিয়াহুর কট্টর ডানপন্থি জোট এটি সংযুক্ত করার চেষ্টা করছে। সূত্র : আল-জাজিরা
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/163085