সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঝড়ে মহাসড়কে গাছ পড়ে যান চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রবল ঝড়-বৃষ্টিতে পাবনা-ঢাকা মহাসড়কের চৌকিদহ ব্রিজ এলাকায় একটি গাছ ভেঙে পড়ে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। গতকাল রোববার বিকেলে মহাসড়কের উভয়পাশে প্রায় ৩ কিলোমিটার অংশ জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়, এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা।
খবর পেয়ে উল্লাপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাছটি রাস্তা থেকে অপসারণের কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর ভেঙে পড়া গাছটি কেটে রাস্তা থেকে সরিয়ে নেওয়া সম্ভব হয় এবং যান চলাচল স্বাভাবিক হয়।
উল্লাপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের লিডার আসাদুজ্জামান জানান, ঝড়-বৃষ্টির কারণে চৌকিদহ ব্রিজ সংলগ্ন এলাকায় মহাসড়কের ওপর একটি ইউক্যালিপটাস গাছ ভেঙে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে গাছটি অপসরণ করেন। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/163053