রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, ৪০ লাখ টাকার মালামাল লুট
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জাঙ্গীর এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। এতে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইলফোনসহ প্রায় ৪০ লাখ টাকার মালামাল লুট হয়েছে।
ভুক্তভোগী ব্যবসায়ী মাছুম দেওয়ান (৪৬) জানান, রবিবার গভীর রাতে মুখোশ পরিহিত ৮ থেকে ১০ জনের একটি ডাকাতদল তার বাড়িতে হামলা চালায়। ডাকাতরা চাপাতি, চাইনিজ কুড়াল, ছুরি ও পিস্তলসহ দেশীয় অস্ত্রে সজ্জিত ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ডাকাতরা বাড়ির নিচতলার জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। পরে মাছুম দেওয়ান, তার স্ত্রী মিতু বেগম (৩৫) ও পরিবারের অন্যান্য সদস্যদের হাত-পা ও চোখ-মুখ বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে।
এ সময় ডাকাতরা ঘরের আলমারি ভেঙে ১৬ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৩ লাখ ৬০ হাজার টাকা ও মোবাইলফোনসহ প্রায় ৪০ লাখ টাকার মালামাল লুট করে নেয়। একপর্যায়ে পরিবারের সদস্যদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাতরা প্রাণনাশের হুমকি দিয়ে দ্রুত পালিয়ে যায়।
এ ঘটনায় মাছুম দেওয়ান রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন জানান, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/163044