ফেসবুকে ডিআইজি সেজে প্রতারণা, শাহবাগ থেকে গ্রেপ্তার ১

ফেসবুকে ডিআইজি সেজে প্রতারণা, শাহবাগ থেকে গ্রেপ্তার ১

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের ছবি ও নাম ব্যবহার করে ফেসবুকে ভুয়া আইডি খুলে প্রতারণার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

সোমবার (৩০ মার্চ) বিকেলে শাহবাগ এলাকার পিজি হাসপাতালের সামনে থেকে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ওই প্রতারকের নাম মো. রিপন (২৩)। অভিযানে তার কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

ডিবি জানায়, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ও পুলিশ ক্যাডারের কর্মকর্তাদের ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় ছিল। তারা সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে বিভিন্ন চটকদার ও বিভ্রান্তিকর পোস্ট দিত।

সোমবার বিকেল সাড়ে চারটার দিকে ডিবির একটি বিশেষ টিম শাহবাগের পিজি হাসপাতালের ক্যান্সার ভবনের সামনে অভিযান চালিয়ে রিপনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের সময় রিপনের মোবাইলে ‘ডাক্তার আয়েশা খাতুন’ নামের একটি ফেসবুক আইডি লগইন অবস্থায় পাওয়া যায়। 

গোয়েন্দা কর্মকর্তারা জানান, এই ভুয়া আইডি থেকে আইজিপিসহ রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ছবি ব্যবহার করে নিয়মিত পোস্ট দেওয়া হতো। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিপন স্বীকার করেছে, সহযোগীদের নিয়ে তিনি দীর্ঘদিন ধরে এই ডিজিটাল জালিয়াতি চালিয়ে আসছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার আরিফা আখতার প্রীতি জানান, গ্রেপ্তারকৃত রিপনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এই চক্রের বাকি সদস্যদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/163040