বগুড়ায় ৮শ’ পিস টাপেন্টাডলসহ ওষুধ ব্যবসায়ী গ্রেফতার

বগুড়ায় ৮শ’ পিস টাপেন্টাডলসহ ওষুধ ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার : বগুড়ায় ৮শ’ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ আপেল মাহমুদ (৩৬) নামে এক ওষুধ ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রোববার রাত পৌনে ৯টার দিকে বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)’র একটি টিম শহরের কৈগাড়ী মৎস্য অফিসের পাশে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

তিনি বগুড়া শহরের খান মার্কেটের উত্তরণ ফার্মেসীর মালিক এবং শাজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়নের চাঁচাইতারা এলাকার মৃত আফতাব আহমেদের ছেলে। তিনি ওষুধ ব্যবসার আড়ালে মাদকের কারবার চালিয়ে আসছিলেন।

ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এস আই মো. আব্দুল কুদ্দুসের নেতৃত্বে ডিবির একটি টিম গতকাল রোববার রাত পৌনে ৯টার দিকে বগুড়া শহরের কৈগাড়ী মৎস্য অফিসের পাশে নিউ ব্যাটারী ঘরের সামনে সড়কের ওপর মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আপেল মাহমুদ নামে ওই ব্যক্তি দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে মাদক হিসেবে ব্যবহৃত ৮শ’ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়।

ডিবি পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন যে, দেশের বিভিন্ন স্থান থেকে মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেট সংগ্রহ করে মাদক সেবী ও কারবারিদের কাছে বিক্রি করে আসছিলেন তিনি।  ডিবির এসআই কুদ্দুস জানান, ধৃত আপেল মাহমুদ একজন ওয়ুধ ব্যবসায়ী। শহরের খান মার্কেটে উত্তরণ ফার্মেসীর মালিক তিনি।

ওষুধ ব্যবসার আড়ালে তিনি মাদকের কারবার করে আসছিলেন। এর আগেও র‌্যাব সদস্যরা বিপুল পরিমাণ ট্যাপেন্টাডলসহ তাকে গ্রেফতার করেছিল। কিন্তু পরবর্তীতে তিনি জামিনে কারাগার থেকে বেরিয়ে এসে ফের মাদকের কারবার শুরু করেছিলেন।

গ্রেফতারকৃত আপেল মাহমুদের বিরুদ্ধে বগুড়ার শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ সোমবার (৩০ মার্চ) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/163033