রংপুরে র্যাবের অভিযানে নারী হত্যা মামলায় গ্রেফতার ২
রংপুর জেলা প্রতিনিধি : রংপুরে পাওনা টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার অভিযোগে মামলায় র্যাব-১৩’র অভিযানে এজাহারনামীয় প্রধান ২ আসামিকে গ্রেফতার করা হয়েছে। আজ সোমবার (৩০ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব ১৩’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।
র্যাব জানায়, ভিকটিমের কাছে থেকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে গ্রেফতারকৃত প্রধান অভিযুক্ত মো. জাকির হোসেন (৩৫) বিভিন্ন সময় মোট ১৭ লাখ টাকা নেয়। প্রতিশ্রুতি অনুয়ায়ী নির্দিষ্ট সময়ে চাকরি না পাওয়ায় আসামি মো. জাকির হোসেনের কাছে ভিকটিম তার প্রদানকৃত টাকা ফেরত চান। টাকা ফেরত না দেওয়ার জন্য আসামি ভিকটিমকে বিভিন্ন সময় ভয়ভীতি প্রদান করে আসছিল।
এরই জের ধরে গত ১ মার্চ দুপুরে টাকা ফেরত দেওয়ার কথা বলে আসামি জাকির ভিকটিমকে ভাড়া বাসায় ডেকে নেয়। পরে তাকে শ্বাসরোধে হত্যা করে আসামিরা সুকৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে গত ২ মার্চ ভিকটিমের ভাই বাদি হয়ে রংপুর কোতয়ালী থানায় হত্যা মামলা দায়ের করেন।
পরবর্তীতে সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩, সিপিএসসি, রংপুর এবং সিপিসি-২, নীলফামারীর যৌথ আভিযানিক দল গত রোববার ভোররাতে পঞ্চগড় জেলার সদর থানাধীন ৪নং কামাতকাজল দীঘি ইউনিয়নের অন্ত:র্গত টুনিরহাট গ্রামে অভিযান পরিচালনা করে। এসময় পলাতক আসামি জলঢাকার নগভক্ত জসিপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে মো. জাকির হোসেন (৩৫) ও জাকির হোসেনের স্ত্রী মোছা. শিউলি বেগমকে (৩০) গ্রেফতার করে।
র্যাব ১৩’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও এই ধরণের প্রতিটি হত্যা, ধর্ষণসহ সকল অপরাধ প্রতিরোধে র্যাবের প্রতিটি সদস্য দৃঢ় প্রত্যয়ের সাথে কাজ করছে এবং চলমান এই অভিযান অব্যাহত থাকবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/162981