ফরিদপুরে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি ১৪ শিশু
ফরিদপুরে হামের লক্ষণ নিয়ে ১৪টি শিশু ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও সদর হাসপাতালে ভর্তি হয়েছে। তবে এখন পর্যন্ত জেলায় হাম আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
আজ সোমবার (৩০ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান।
তিনি জানান, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৮ জন এবং সদর হাসপাতালে ৬ জনসহ মোট ১৪ শিশু হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, দেশে বর্তমানে শিশুদের মধ্যে হামের প্রকোপ বাড়ছে। প্রতিদিনই দু-একজন করে শিশু হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। ভর্তি শিশুদের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। পরীক্ষার ফলাফল পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে তারা প্রকৃতপক্ষে হাম আক্রান্ত কি না। এ বিষয়ে জেলার স্বাস্থ্য বিভাগ সতর্ক অবস্থানে রয়েছে।
তবে পাশের জেলা গোপালগঞ্জে হামে আক্রান্ত হয়ে একটি শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।
এ বিষয়ে সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান বলেন, সোমবার পর্যন্ত জেলার দুটি হাসপাতালে মোট ১৪ শিশু হামের লক্ষণ নিয়ে ভর্তি রয়েছে। তিনি জানান, স্বাস্থ্য বিভাগ নিয়মিতভাবে হাম-রুবেলাসহ বিভিন্ন রোগ প্রতিরোধে টিকা প্রদান করে থাকে। সরকারি হিসাবে ৯৫ শতাংশ শিশুকে এ টিকা দেওয়া হলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরিপ অনুযায়ী এই হার ৮৪ শতাংশ। ফলে প্রায় ১৬ শতাংশ শিশু টিকার বাইরে থাকায় তারা ঝুঁকিতে রয়েছে।
তিনি আরও বলেন, গত ৬ থেকে ৭ বছর ধরে বিশেষ টিকাদান ক্যাম্পেইন না হওয়ায় ঝুঁকি বেড়েছে। টিকা থেকে বাদ পড়া শিশুদের জন্য পুনরায় ক্যাম্পেইন চালু করা গেলে একটি শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।