ইউএনও কার্যালয় থেকে টাকা চুরি, পরিচ্ছন্নতাকর্মীসহ গ্রেফতার ২

ইউএনও কার্যালয় থেকে টাকা চুরি, পরিচ্ছন্নতাকর্মীসহ গ্রেফতার ২

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কার্যালয়ের স্টিলের আলমারি থেকে টাকা চুরির ঘটনায় পরিচ্ছন্নতাকর্মীসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় চুরি হওয়া টাকার একটি অংশও উদ্ধার করা হয়েছে।

গতকাল রোববার (২৯ মার্চ) গভীর রাতে শরীয়তপুর সদর উপজেলার স্বর্ণঘোষ এলাকা থেকে তুষার দাস (২৮) নামে এক পরিচ্ছন্নতাকর্মীকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই রাতে অভিযান চালিয়ে গোপালগঞ্জ জেলা থেকে সুবর্ণা হীরা নামে এক নারীকে আটক এবং চোরাই টাকার একটি অংশ উদ্ধার করা হয়।

উপজেলা প্রশাসন ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক জাকির হোসেন খাঁনের কক্ষে একটি স্টিলের আলমারিতে ২৬ মার্চের ব্যয়ের জন্য ৪ লাখ ৬ হাজার টাকা রাখা ছিল। ২৫ মার্চ সকালে অফিসে এসে তিনি আলমারির তালা খুলতে ব্যর্থ হন। 

পরে মিস্ত্রি এনে তালা খোলা হলে দেখা যায়, ভেতরের লক ভাঙা এবং আলমারিতে রাখা নগদ ৪ লাখ ৬ হাজার টাকা, হাটবাজার খাস আদায়ের ১৪ লাখ টাকা ও আড়াই লাখ টাকার দুটি পে-অর্ডার নেই।

পরবর্তীতে কক্ষ তল্লাশি করে ছেঁড়া অবস্থায় পে-অর্ডার দুটি পাওয়া গেলেও নগদ অর্থ পাওয়া যায়নি। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে পরিচ্ছন্নতাকর্মী তুষার দাসের সন্দেহজনক যাতায়াত ধরা পড়ে। এ ঘটনায় জাকির হোসেন খাঁন বাদী হয়ে ভেদরগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তুষার দাস চুরির কথা স্বীকার করে। তার দেওয়া তথ্যমতে, গোপালগঞ্জ সদর থানার থানা পাড়া এলাকার হেয়ায়েত শেখের ভাড়া বাসা থেকে সুবর্ণা হীরার কাছ থেকে চুরি করা ২ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

বাদী জাকির হোসেন খাঁন বলেন, সিসিটিভি ফুটেজ দেখে তাকে সন্দেহ করা হয়েছিল। এর আগেও গোসাইরহাট উপজেলায় চুরির অভিযোগে অভিযুক্ত হয়ে তাকে শাস্তিমূলক বদলি করা হয়েছিল।

ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুল হক জানান, ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ তদন্ত করছে এবং অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাশার বলেন, এজাহারের ভিত্তিতে তুষার দাসকে গ্রেফতার করা হয়েছে। তার স্বীকারোক্তি অনুযায়ী অভিযান চালিয়ে চোরাই টাকা উদ্ধার এবং সুবর্ণা নামে এক নারীকে আটক করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/162958