বিরোধী দলীয় নেতার সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানকে নিয়ে সংসদ ভবনের নিজের কক্ষে বৈঠক করলেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৩০ মার্চ) দুপুরে প্রধানমন্ত্রীর সংসদ সচিবালয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় বিরোধীদলীয় নেতাকে তার কার্যালয়ে স্বাগত জানান প্রধানমন্ত্রী।
আলাপ শেষে বিরোধীদলীয় নেতাকে তার সংসদ সচিবালয়ের কার্যালয়ের দিকে খানিকটা পথ এগিয়ে দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর এই সৌজন্যতা ও শিষ্টাচার দেখে উপস্থিত সবাই প্রশংসা করেন।
এর আগে বেলা ১২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণী দিলার হাফিজের জানাজায় পাশাপাশি দাঁড়িয়ে অংশ নেন প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা। জানাজা শেষে দুই নেতা একসঙ্গে হেঁটে সংসদ ভবনের দিকে এগোচ্ছিলেন। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার আগ্রহ প্রকাশ করেন বিরোধীদলী নেতা। সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী সংসদ সচিবালয়ের নিজ কার্যালয়ে ডা. শফিকুর রহমানকে আমন্ত্রণ জানান।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, সাক্ষাৎটি ছিল সংক্ষিপ্ত। দুই নেতা প্রায় ২০ মিনিট কথা বলেন। সংক্ষিপ্ত আলাচারিতা শেষে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান প্রধানমন্ত্রীর সংসদ সচিবালয়ের কার্যালয় ত্যাগ করেন। এ সময় প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতাকে তার কার্যালয়ে দিকে খানিকটা পথ এগিয়ে দেন।
অতিরিক্ত প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী সবাইকে যথাযথ সম্মান ও সৌজন্যতা দেখান। জাতীয় সংসদ নির্বাচনের আগে ও বিএনপি ক্ষমতা গ্রহণের পর বিভিন্ন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সৌজন্যতা দেখে সাধারণ মানুষ মুগ্ধ হয়েছেন। আজ বিরোধীদলীয় নেতাকে তার কার্যালয়ের দিকে এগিয়ে দিয়ে তার স্বাভাবিক সৌজন্যতার বহিঃপ্রকাশ ঘটালেন প্রধানমন্ত্রী।
বৈঠকের সময়ে স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন। বৈঠক শেষে বিকেল তিনটায় সংসদ অধিবেশন শুরু হওয়ার আগেই সংসদ নেতা ও বিরোধী দলীয় নেতা অধিবেশন কক্ষে প্রবেশ করেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/162949