রাফিনহার পর ভিনির চোট নিয়ে দুশ্চিন্তায় আনচেলত্তি
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ দল ঘোষণার আগে আরো একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ব্রাজিল। সেলেসাওদের শেষ প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। গুরুত্বপূর্ণ এই ম্যাচের ইনজুরি হানা দিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের শিবিরে। ফ্রান্সের বিপক্ষে সবশেষ প্রীতি ম্যাচে হারের ক্ষত শুকিয়ে ওঠার আগেই দলে একের পর এক চোট সমস্যা চিন্তার ভাঁজ ফেলেছে কোচ কার্লো আনচেলত্তির কপালে। রাফিনহা আগেই মাঠের বাইরে চলে গেছেন। এখন চোট নিয়ে অনিশ্চিত হয়ে পড়েছেন ভিনিসিয়াস জুনিয়র।
ব্রাজিলের ডাগআউটে সবচেয়ে বড় ধাক্কা এসেছে রাফিনহার ইনজুরিতে। বার্সেলোনার ফর্মে থাকা এ ফরোয়ার্ড হ্যামস্ট্রিং চোটে পড়েছেন। প্রায় পাঁচ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। ক্রোয়েশিয়া ম্যাচের আগে রাফিনহা মাঠের লড়াইয়ে দর্শক হয়ে যাওয়ায় ব্রাজিলের আক্রমণভাগে বড় শূন্যতা তৈরি হয়েছে। আগামী ১ এপ্রিল ভোরে অরল্যান্ডোতে ক্রোয়েশিয়াকে মোকাবিলা করবে ব্রাজিল। ম্যাচের আগে শনিবার আনচেলত্তির শিষ্যরা অনুশীলন করলেও অনুপস্থিত ছিলেন ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘গ্লোবো’র জানিয়েছে, রিয়াল মাদ্রিদের এই তারকাকে অনুশীলনের বদলে অরল্যান্ডোর জিমে ও পরে চিকিৎসা নিতে দেখা গেছে।
ফ্রান্সের বিপক্ষে ম্যাচে উরুতে কিছুটা অস্বস্তি অনুভব করেছিলেন ভিনিসিয়াস। তবে মেডিকেল পরীক্ষায় কোনো গুরুতর চোট ধরা না পড়লেও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাকে অনুশীলন থেকে বিশ্রাম দেওয়া হয়েছে। ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ) বিষয়টিকে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট হিসেবে দেখছে। ক্রোয়েশিয়া ম্যাচে তাকে পাওয়া যাবে বলেই ধারণা করছে সবাই। ফ্রান্সের বিপক্ষে ম্যাচে না খেললেও এখন অনুশীলনে ফিরেছেন মার্কুইনহস। কোমরের অস্বস্তির কারণে পিএসজির ব্রাজিলিয়ান ডিফেন্ডারকে আগের ম্যাচে বিশ্রামে রাখা হয়েছিল। রাফিনহা ও ওয়েসলির চোটে ব্রাজিলের সম্ভাব্য একাদশেও পরিবর্তন আসতে পারে। ডান পাশে ওয়েসলির জায়গায় দানিলোকে শুরুর একাদশে দেখা যেতে পারে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/162919