জুলাই সনদ বাস্তবায়ন না করলে ছাত্রসমাজ রাজপথে নামতে বাধ্য হবে : বগুড়ায় শিবিরের সেক্রেটারি

জুলাই সনদ বাস্তবায়ন না করলে ছাত্রসমাজ রাজপথে নামতে বাধ্য হবে : বগুড়ায় শিবিরের সেক্রেটারি

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রিয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন না করলে ছাত্রসমাজ রাজপথে নামতে বাধ্য হবে। শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে দেশ পরিচালনার দায়িত্ব নিয়ে তারা আজ সেই শহীদদের রক্তের সাথেই বেঈমানী করছে। জাতি শহীদদের রক্তের বিনিময়ে পাওয়া জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন দেখতে চায়। জুলাই সনদ নিয়ে যেকোন অপচেষ্টার বিরুদ্ধে ছাত্রসমাজ রাজপথে নামতে বাধ্য হবে।

তিনি আজ রোববার দুপুরে ইসলামী ছাত্রশিবির বগুড়া জেলা শাখার উদ্যোগে স্থানীয় শহীদ টিটু মিলনায়তনে আয়োজিত জনশক্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। শিবির সেক্রেটারি বলেন, প্রায় চৌদ্দ’শ শহীদের রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিবাদমুক্ত যে নতুন বাংলাদেশ পেয়েছি সেই শহীদদের আকাংখার বাংলাদেশ গড়া আমাদের দায়িত্ব।

শহীদদের আকাংখার আলোকে নতুন বাংলাদেশ বিনির্মানে যে জুলাই সনদ তৈরি করা হয়েছে আজ সেই জুলাই সনদকে নিজেদের ইচ্ছেমত ব্যবহার করছে বিএনপি। তিনি বলেন, গোটা জাতি যখন নতুন এক বাংলাদেশের স্বপ্নে বিভোর ঠিক সেই মুহুর্তে বর্তমান সরকার গণভোট এবং গুম, কমিশন সংষ্কার অধ্যাদেশ বাতিলের জন্য জাতীয় সংসদে প্রস্তাব এনেছে।

এটা জুলাই শহীদদের সাথে সরাসরি বিশ্বাস ঘাতকতা। দেশের তরুণ সমাজ এটা মেনে নিবেনা। শিবির সেক্রেটারি বলেন, আমরা সরকারের যেকোন ভালো কাজের প্রশংসা করবো। দেশ ও জাতির স্বার্থে সরকার ভালো যা কিছু করবে ছাত্রশিবির তাকে সাধুবাদ জানাবে। একই সাথে দেশ ও জাতির প্রত্যাশার বিরুদ্ধে সরকারের যেকোন পদক্ষেপের বিরুদ্ধে দূর্বার আন্দোলন গড়ে তুলতেও আমরা পিছপা হবোনা।

ইসলামী ছাত্রশিবির বগুড়া শহর শাখার সভাপতি হাবিবুল্লাহ খন্দকারের সভাপতিত্বে এবং দুই জেলা সভাপতি সাইয়্যেদ কুতুব সাব্বির ও শাহরিয়ার হোসেন বিপ্লবের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রিয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, কেন্দ্রিয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া-৬আসনের উপনির্বাচনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আবিদুর রহমান সোহেল, জেলা আমির মাওলানা আব্দুল হক সরকার, শিবিরের কেন্দ্রীয় প্লানিং ও ডেভেলপমেন্ট সম্পাদক রিয়াজুল ইসলাম, কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলাম।

বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মানছুর রহমান, বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক সৈয়দ আব্দুল আজিজ, শহর জামায়াতের সেক্রেটারি আ.স.ম আব্দুল মালেক, তরুণ জামায়াত নেতা নূর মোহাম্মদ আবু তাহের প্রমুখ। সমাবেশ শেষে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/162859