বগুড়ার ধুনটে ছাত্রীকে উত্ত্যক্ত‘র প্রতিবাদ করায় বখাটের হামলায় মা ও ছেলে আহত

বগুড়ার ধুনটে ছাত্রীকে উত্ত্যক্ত‘র প্রতিবাদ করায় বখাটের হামলায় মা ও ছেলে আহত

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনটে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত‘র প্রতিবাদ করায় ও অপহরণ চেষ্টার সময় বাধা দেওয়ায় বখাটের হামলায় মা ও ছেলে আহত হয়েছে। এ ঘটনাটি ঘটেছে উপজেলার চিকাশি ইউনিয়নের ছোনপচা গ্রামে। আহতরা হলেন, উপজেলার ছোনপচা গ্রামের ঠান্ডু সরকারের স্ত্রী শিল্পী খাতুন (৩৫) ও তার ছেলে সাকিবুল সরকার (১৫)। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চিকাশি ইউনিয়নের জোড়শিমুল গ্রামের এবাদুল ইসলামের মেয়ে (১১) জোড়শিমুল উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণির ছাত্রী। গতকাল শনিবার দুপুর ১টার দিকে ওই ছাত্রী পার্শ্ববতী ছোনপচা গ্রামে ফুফার বাড়িতে যাওয়ার উদ্যেশে বাড়ি থেকে বের হয়। পথিমধ্যে ছোনপচা গ্রামে ঠান্ডু সরকারের বাড়ির পাশে রাস্তায় পৌছলে ছোনপচা গ্রামের জাহিদুল ইসলাম ওই ছাত্রীর পথরোধ করে উত্ত্যক্ত করতে থাকে।

এ সময় ওই ছাত্রী বখাটের হাত থেকে রক্ষা পেতে দৌড়ে ঠান্ডু সরকারের বাড়ির ভেতর আশ্রয় নেয়। তখন জাহিদুল ইসলাম ওই বাড়ির ভেতর থেকে স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টা করে। এ সময় গৃহবধূ শিল্পী খাতুন ও তার ছেলে সাকিবুল সরকার বাধা দেয়। এতে জাহিদুল ইসলাম ক্ষুব্ধ হয়ে হামলা চালিয়ে শিল্পী খাতুন ও তার ছেলে সাকিবুল সরকারকে আহত করে।

এরপরও আহত মা ও ছেলে ওই ছাত্রীকে বখাটের হাত থেকে রক্ষা করে পারিবারের কাছে পৌছে দিয়েছেন। এ ঘটনায় ভুক্তোভোগী স্কুলছাত্রীর বাবা এবাদুল ইসলাম ও আহত শিল্পী খাতুনের স্বামী ঠান্ডু সরকার বাদি হয়ে থানায় পৃথক ২টি অভিযোগ দায়ের করেছে।

ওই অভিযোগে জাহিদুল ইসলাম ও তার ছোট ভাই জিহাদ ইসলামকে আসামি করা হয়েছে। এ ঘটনায় জাহিদুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করে তার কোন বক্তব্য পাওয়া যায়নি।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, এ ঘটনায় পৃথক দু’টি অভিযোগ পেয়েছি। এসব অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য একজন পুলিশ কর্মকর্তাকে (এসআই) দায়িত্ব দেওয়া হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/162857