সমাজকল্যাণমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বিশ্ব ব্যাংক প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং সমাজক্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদল।
রোববার (২৯ ফেব্রুয়ারি) সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের অফিসে বাংলাদেশে নিযুক্ত বিশ্ব ব্যাংকের বিভাগীয় পরিচালক জঁ পেম- এর নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধিদল সাক্ষাৎ করেন। এ সময় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউসুফ, অতিরিক্ত সচিব নার্গিস খানম এবং যুগ্ম সচিব মোহাম্মদ নাজমুল আহসান উপস্থিত ছিলেন।
বৈঠকে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বর্তমান সরকারের অন্যতম নির্বাচনি প্রতিশ্রুতি ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নের তথ্য তুলে ধরেন।
তিনি বলেন, এখন পর্যন্ত ৩৭ হাজার ৫৬৭টি পরিবারের নারী প্রধানের নামে ফামিলি কার্ড ইস্যু করা হয়েছে, যারা প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহযোগিতা পাচ্ছেন।
মন্ত্রী জানান, আগামী চার বছরের মধ্যে ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে, যেই কার্ড হবে প্রতিটি পরিবারের নারী প্রধানের নামে। এটি নাগরিক হিসেবে একটি সম্মানজনক স্বীকৃতি।
সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং প্রতিমন্ত্রী ফারজানা শারমীনকে জঁ পেম বিশ্ব ব্যাংকের পক্ষ থেকে অভিনন্দন জানান।
জঁ পেম বর্তমান সরকার কর্তৃক পরিবারের নারী প্রধানের নামে ফ্যামিলি কার্ড ইস্যুর উদ্যোগকে সামাজিক সুরক্ষা জোরদারে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।
তিনি ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রদানসহ সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সাথে সামাজিক নিরাপত্তা ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে যৌথভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।
এ বৈঠকে উভয় পক্ষ বর্তমান সরকারের অন্যতম নির্বাচনি প্রতিশ্রুতি ফ্যামিলি কার্ড বিষয়ের টেকসই বাস্তবায়নে যৌথভাবে কাজ করার বিষয়ে সম্মত হন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/162834