নড়াইলে জ্বালানি তেল বিক্রি বন্ধ, পাম্প ম্যানেজার নিহতের ঘটনায় তদন্ত কমিটি

নড়াইলে জ্বালানি তেল বিক্রি বন্ধ, পাম্প ম্যানেজার নিহতের ঘটনায় তদন্ত কমিটি

 নড়াইলে জ্বালানি তেল না পাওয়া নিয়ে বিরোধের জেরে এক ফিলিং স্টেশনের ম্যানেজারকে ট্রাক চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত নাহিদ সরদার (৩৫) তানভীর ফিলিং স্টেশনের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। 

এ ঘটনায় জেলা প্রশাসন সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। হত্যার প্রতিবাদে জেলায় অনির্দিষ্টকালের জন্য জ্বালানি তেল বিক্রি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পেট্রোল পাম্প মালিক সমিতি।

 

রোববার (২৯ মার্চ) দুপুরে জেলা প্রশাসক ড. মোহাম্মদ আব্দুল ছালাম স্বাক্ষরিত এক চিঠিতে পাঁচ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়। 

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাসকে আহ্বায়ক করে গঠিত কমিটিতে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) নূর-ই আলম সিদ্দিকী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা টি এম রাহসিন কবির, ট্রাফিক ইন্সপেক্টর (নড়াইল), জেলা পেট্রোল পাম্প মালিক সমিতির সভাপতি, বিআরটিএ নড়াইল সার্কেলের প্রতিনিধি এবং প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ লাভলুকে সদস্য করা হয়েছে।

চিঠিতে বলা হয়, ফিলিং স্টেশন ম্যানেজারের মৃত্যু ও জিহাদুল মোল্যার গুরুতর আহত হওয়ার ঘটনায় জনমনে উদ্বেগ সৃষ্টি হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশংকা রয়েছে। তাই বিষয়টি তদন্ত করে দ্রুত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এর আগে শনিবার (২৮ মার্চ) মধ্যরাতে নড়াইল-যশোর মহাসড়কের তুলারামপুর রেলসেতুর পূর্ব প্রান্তে তানভীর ফিলিং স্টেশনের কাছে এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, তেল নেওয়া নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে ট্রাকচালক সুজাত ক্ষুব্ধ হয়ে ম্যানেজারকে চাপা দিয়ে হত্যার হুমকি দেন।

ফিলিং স্টেশনের কর্মচারীদের ভাষ্য, রাত ২টার পর কাজ শেষে নাহিদ সর্দার সহকর্মী জিহাদুল মোল্যাকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। এ সময় একটি ট্রাক তাদের পিছু নেয় এবং দ্রুতগতিতে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নাহিদের মৃত্যু হয়।

 

নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরুজ্জামান বলেন, ঘটনার তদন্তে হাইওয়ে পুলিশসহ বিভিন্ন ইউনিট কাজ করছে। ইতিমধ্যে যশোরের বেনাপোল ট্রাক টার্মিনাল থেকে সংশ্লিষ্ট ট্রাকটি জব্দ করা হয়েছে। অভিযুক্ত চালককে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/162820