ফিফা র্যাঙ্কিংয়ে পেছাল বাংলাদেশ, পতন আর্জেন্টিনা-ব্রাজিলেরও
স্পোর্টস ডেস্ক : ভিয়েতনামের কাছে প্রীতি ম্যাচে ৩-০ গোলে হেরে যাওয়া বাংলাদেশ ফুটবল দল দুঃসংবাদ পেল ফিফা র্যাঙ্কিংয়েও। হালনাগাদ করা নতুন তালিকায় আগের অবস্থান থেকে এক ধাপ পিছিয়েছে বাংলাদেশ। হামজা চৌধুরী-জামাল ভূঁইয়াদের দলের অবস্থান এখন ১৮১ নম্বরে। অন্যদিকে বাংলাদেশকে হারানো ভিয়েতনাম পাঁচ ধাপ এগিয়ে ১০৩ নম্বরে উঠেছে।
গতকাল শনিবার প্রকাশিত হালনাগাদ ফিফা র্যাঙ্কিংয়ে দলগুলোর এই উত্থান-পতন দেখা গেছে। র্যাঙ্কিংয়ে ওঠানামা দেখেছে শীর্ষ দশের কয়েকটি দলও। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা যেমন এক ধাপ পিছিয়ে ৩ নম্বরে নেমেছে। ফিফা প্রীতি ম্যাচে ১১৫ নম্বরধারী মৌরিতানিয়াকে ২-১ গোলে হারালেও লিওনেল মেসিদের পয়েন্ট খুব একটা বাড়েনি। আর্জেন্টিনাকে টপকে দুইয়ে উঠেছে দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। এ সপ্তাহে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়েছে দিদিয়ের দেশমের দল। তবে শেষ ৫ ম্যাচের ৪টিতেই জেতা স্পেন যথারীতি শীর্ষস্থান ধরে রেখেছে।
অবস্থান অপরিবর্তিত আছে চতুর্থ স্থানে থাকা ইংল্যান্ডেরও। তবে এক ধাপ এগিয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। ৬ থেকে ৫ নম্বরে উঠে এসেছে দলটি। একইভাবে এক ধাপ এগিয়ে ছয়ে উঠে এসেছে নেদারল্যান্ডসও। সম্প্রতি নরওয়েকে ২-১ গোলে হারিয়েছে ডাচরা। পর্তুগাল ও নেদারল্যান্ডসের এগোনোর বড় কারণ ব্রাজিলের পিছিয়ে পড়া। ফ্রান্সের কাছে হেরে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা পাঁচ থেকে দুই ধাপ পিছিয়ে সাতে চলে গেছে। শীর্ষ দলে সবচেয়ে বেশি পিছিয়েছে কার্লো আনচেলত্তির দলই।
র্যাঙ্কিংয়ের ৮ থেকে ১১ নম্বর স্থানে অবশ্য আর কোনো পরিবর্তন নেই। এই চারটি স্থান যথাক্রমে দখল রেখেছে মরক্কো, বেলজিয়াম, জার্মানি ও ক্রোয়েশিয়া। অন্যদিকে এক ধাপ এগিয়ে ১২ নম্বরে উঠে এসেছে এখনো বিশ্বকাপ নিশ্চিত করতে না পারা ইতালি। বিশ্বকাপ ও ইতালির মধ্যে এই মুহূর্তে একমাত্র বাধা বসনিয়া হার্জেগোভিনা। ৩১ মার্চ রাতে বিশ্বকাপে যাওয়ার চূড়ান্ত লড়াইয়ে দ্বিতীয়বার বিশ্বকাপ খেলার অপেক্ষায় থাকা বসনিয়ার মুখোমুখি হবে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/162805