মধ্যপ্রাচ্যে মার্কিন-ইসরায়েলি বিশ্ববিদ্যালয়ে হামলার হুমকি ইরানের

মধ্যপ্রাচ্যে মার্কিন-ইসরায়েলি বিশ্ববিদ্যালয়ে হামলার হুমকি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক : সাম্প্রতিক সময়ে ইরানের দুটি বিশ্ববিদ্যালয়ে হামলার প্রতিশোধ হিসেবে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ও ইসরায়েল-সম্পৃক্ত বিশ্ববিদ্যালয়গুলোকে লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড (আইআরজিসি)।

রোববার (২৯ মার্চ) এক বিবৃতিতে আইআরজিসি জানায়, দুটি বিশ্ববিদ্যালয়ে হামলা না হওয়া পর্যন্ত এসব প্রতিষ্ঠানকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে। তারা দাবি করে, তেহরানের ইরান ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিসহ দেশের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ইতোমধ্যে হামলার শিকার হয়েছে। বিবৃতিতে শিক্ষার্থী, শিক্ষক ও আশপাশের বাসিন্দাদের সতর্ক করে বলা হয়, তারা যেন মার্কিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে অন্তত এক কিলোমিটার দূরে অবস্থান করেন।

এছাড়া, যুক্তরাষ্ট্র সরকারকে আগামী ৩০ মার্চের মধ্যে ইরানের বিশ্ববিদ্যালয়গুলোতে হামলার নিন্দা জানিয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়ার আহ্বান জানানো হয়। অন্যথায়, হামলার পরিসর আরও বাড়ানোর হুমকিও দেওয়া হয়েছে। আইআরজিসি আরও জানায়, যুক্তরাষ্ট্র যদি তাদের আঞ্চলিক বিশ্ববিদ্যালয়গুলোতে সম্ভাব্য হামলা ঠেকাতে চায়, তবে তাদের মিত্রদের বিশ্ববিদ্যালয় ও গবেষণা কেন্দ্রে হামলা থেকে বিরত রাখতে হবে।

উল্লেখ্য, উপসাগরীয় অঞ্চলে মার্কিন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাস রয়েছে। এর মধ্যে কাতারে টেক্সাস এঅ্যান্ডএম ও নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটি এবং সংযুক্ত আরব আমিরাতে নিউইয়র্ক ইউনিভার্সিটির ক্যাম্পাস উল্লেখযোগ্য।  খবর : সিএনএন

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/162797