১০ দিন ছুটি শেষে সোনামসজিদ স্থলবন্দর আবার কর্মচঞ্চল

১০ দিন ছুটি শেষে সোনামসজিদ স্থলবন্দর আবার কর্মচঞ্চল

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ঈদ উদযাপন উপলক্ষে টানা ১০ দিন বন্ধের পর যথারীতি কর্মচঞ্চল হয়ে উঠেছে দেশের দ্বিতীয় বৃহত্তম চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দর। গত ১৮ মার্চ বুধবার থেকে গতকাল ২৭ মার্চ  (শুক্রবার) পর্যন্ত বন্দর দিয়ে সকল আমদানি-রপ্তানি এবং সিএন্ডএফ বিষয়ক কার্যক্রম বন্ধ ছিল।

বন্দর সূত্রে জানা যায়, শনিবার (২৮ মার্চ) সকাল থেকে বন্দরের আমদানি-রপ্তানি, লোড-আনলোড, পণ্য পরিবহন, কাস্টমস এবং সিএন্ডএফ বিষয়ক কার্যক্রম যথারীতি চালু হয়েছে। এদিন বিকেল ৪টা পর্যন্ত দুই শতাধিক আমদানি পণ্যবাহী ট্রাক ভারতের মহদিপুর স্থলবন্দর থেকে সোনামসজিদে প্রবেশ করলেও বাংলাদেশ থেকে রপ্তানি হয়নি কোন পণ্য।

ওদিকে ১০ দিনের বন্ধের মধ্যে শুক্রবার সাপ্তাহিক ছুটিসহ সকল সরকারি ছুটি অর্ন্তভুক্ত ছিল। তবে ঈদের দিনসহ প্রতিদিনই পাসপোর্টধারী যাত্রীদের সোনামসজিদ ইমিগ্রেশন পথে বাংলাদেশ ও ভারত যাতায়াত স্বাভাবিক ছিল।

বন্দর পরিচালনাকারী বেসরকারি অপারেটর প্রতিষ্ঠান পানামা-সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেড অপারেশন ম্যানেজার কামাল খান এবং সোনামসজিদ সিএন্ডএফ এজেন্ট এসাসিয়েশন অফিস সচিব একরামুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/162758