যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় সাড়ে ৩ কোটি টাকা টোল আদায়
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে নিজ কর্মস্থলে ফিরছে শ্রমজীবী মানুষ। এতে যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েই চলেছে। শনিবার (২৮ মার্চ) সকালে যমুনা সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ঢাকাগামী ৩০ হাজার ৫৬টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৯৮ লাখ ৪৩ হাজার ১০০ টাকা। উত্তরবঙ্গগামী ১৬ হাজার ২২২টি যানবাহন থেকে মোট টোল আদায় হয় ১ কোটি ৪৩ লাখ ১০ হাজার ১০০ টাকা।
গত বৃহস্পতিবার রাত ১২টা থেকে গত শুক্রবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এ সেতু পারাপার হওয়া যানবাহন থেকে টোল আদায় হয়েছে মোট ৩ কোটি ৪১ লাখ ৫৩ হাজার ৯০০ টাকা। একই সময়ে সেতু পারাপার করেছে ৪৬ হাজার ২৭৮টি যানবাহন। যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঈদযাত্রায় যমুনা সেতুর দু’পাশ দিয়ে ৯টি করে মোট ১৮ বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। এর মধ্যে দু’পাশেই দু’টি করে বুথ দিয়ে আলাদাভাবে মোটরসাইকেল পারাপারের ব্যবস্থা করা হয়েছে। সেতুর দু’প্রান্তে যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়েছে। সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে তিনি জানান।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/162753