ঈদের ছুটি শেষে রংপুরে নেমে এসেছে চরম ভোগান্তি, অসহায় যাত্রীরা

ঈদের ছুটি শেষে রংপুরে নেমে এসেছে চরম ভোগান্তি, অসহায় যাত্রীরা

রংপুর প্রতিনিধি: রংপুর বিভাগের প্রবেশদ্বার মডার্ন মোড় এলাকায় ঈদের ছুটি শেষে নেমে এসেছে চরম ভোগান্তি। রংপুর, লালমনিহাট, কুড়িগ্রাম, নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁ ও পঞ্চগড় জেলার চলাচলকারী রাজধানী ঢাকা-মুখী শত শত যানবাহন এই মর্ডাণ মোড় হয়ে দেশের বিভিন্ন জেলায় ছুটে চলে। এই মোড়ে হাজারো মানুষের ঢল নামলেও পর্যাপ্ত পরিবহণ না থাকায় সড়কে তৈরি হয়েছে ভয়াবহ যানজট, আর সেই সাথে বাড়ছে যাত্রীদের দুর্ভোগ।

শনিবার (২৮ মার্চ) সকাল থেকেই মডার্ন মোড়ে শত শত বাস দীর্ঘ লাইনে আটকে থাকতে দেখা যায়। যানজটের কারণে গাড়িগুলো ধীরগতিতে চলাচল করছে, কোথাও কোথাও ঘণ্টার পর ঘণ্টা স্থবির হয়ে আছে। এতে করে নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানো তো দূরের কথা, বাসেই আটকে থাকতে হচ্ছে যাত্রীদের।

অন্যদিকে, রাস্তার পাশে পরিবার-পরিজন নিয়ে অপেক্ষা করছেন হাজার হাজার যাত্রী। অনেকেই শিশু ও বৃদ্ধ সদস্যদের নিয়ে চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, এই সংকটকে পুঁজি করে কিছু অসাধু পরিবহণ শ্রমিক ও সুপারভাইজার অতিরিক্ত ভাড়া আদায় করছে বলে অভিযোগ উঠেছে।

যাত্রীরা জানান, যেখানে সাধারণ সময়ে ভাড়া ৬০০ টাকা, সেখানে এখন ১৫০০ থেকে ২০০০ টাকা পর্যন্ত দাবি করা হচ্ছে। এত উচ্চ ভাড়া দিয়ে যাতায়াত করা অনেকের পক্ষেই সম্ভব নয়। ফলে অনেক পরিবার বাধ্য হয়ে রাস্তার পাশেই অপেক্ষা করছে, কখন পরিস্থিতি স্বাভাবিক হবে সেই আশায়।

বেশি ভাড়া আদায়ের প্রতিবাদে গত শুক্রবার রাতে বিক্ষুব্ধ যাত্রীরা রাত ১১টা থেকে ১২টা পর্যন্ত মডার্ন মোড় এলাকা অবরোধ করে রাখে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যানবাহন চলাচল শুরু হয়।

এদিকে, যানজট নিরসনে পুলিশ কাজ করলেও অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ চোখে পড়ছে না বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। মানবিক দিক থেকে বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক হয়ে উঠেছে। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/162744