পঞ্চগড়ের বোদায় শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের পাশে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
বোদা (পঞ্চগড়) প্রতিনিধি: আকস্মিক শিলাবৃষ্টিতে পঞ্চগড়ের বোদা উপজেলার বিভিন্ন ইউনিয়নে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল শুক্রবার রাতের ঝড়ে বসতবাড়ির ক্ষতি হওয়ার পাশাপাশি কৃষকদের বিভিন্ন ফসল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে শনিবার (২৮ মার্চ) সকাল থেকে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ শুরু হওয়া তীব্র শিলাবৃষ্টিতে টিনের চালা ভেঙে অনেক কাঁচা ঘর আংশিক বা সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। একইসাথে মাঠের পর মাঠ ফসল নষ্ট হওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। বিশেষ করে মরিচ ও ভুট্টা চাষিরা সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিয়ে বলেন, সরকার দ্রুত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে। এসময় তিনি সংশ্লিষ্ট স্থানীয় প্রশাসনকে দ্রুত তালিকা প্রস্তুত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
এদিকে স্থানীয় প্রশাসন জানিয়েছে, ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণে কাজ চলছে এবং শিগগিরই ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/162740