রুয়েটে ক্লাস চলাকালে ঘাড়ে সিলিং ফ্যান পড়ে শিক্ষার্থী আহত

রুয়েটে ক্লাস চলাকালে ঘাড়ে সিলিং ফ্যান পড়ে শিক্ষার্থী আহত

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং (ইসিই) বিভাগের একটি শ্রেণিকক্ষে সিলিং ফ্যান পড়ে এক শিক্ষার্থী আহত হওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (২৮ মার্চ) বেলা সাড়ে ১১টায় ঘটনাটি ঘটে।

জানা যায়, বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের (২৩ সিরিজ) ক্লাস চলাকালে ফ্যানের পাখা ঘাড়ের ওপর পড়ে মুশরাকুল আলম ফারহাদ নামে এক শিক্ষার্থী আহত হন। পরে শ্রেণি শিক্ষকের সহায়তায় তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনার পর শিক্ষার্থীরা শ্রেণিকক্ষসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থাপনার নিয়মিত পর্যবেক্ষণ নিশ্চিত করার দাবি জানান।

শিক্ষার্থীদের অভিযোগ, প্রায় দুই মাস ছুটির পর ক্লাস শুরু হয়েছে। এর মাঝে সরঞ্জামাদির কোনো ধরণের পর্যবেক্ষণ বা তদারকি হয়নি। ফ্যানের নাট বোল্ট মরিচা ধরার কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে। রুয়েটের ইসিই বিভাগের প্রধান অধ্যাপক ড. আনোয়ার হোসাইন বলেন, আমরা নিয়মিত ক্লাসরুমের সব সরঞ্জামাদি পর্যবেক্ষণ করি।

ফ্যানগুলো কিছুদিন আগেই স্থাপন করা হয়েছে। সম্ভবত নাট-বোল্ট‘র কোনো সমস্যার কারণে এমনটি ঘটেছে। ইতোমধ্যে আমরা সব কক্ষ আবার পরীক্ষা করার কাজ শুরু করেছি।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/162731