বিয়ের পর নারীরা চুড়ি না পরলে কি স্বামীর কোনো অমঙ্গল হয়?

বিয়ের পর নারীরা চুড়ি না পরলে কি স্বামীর কোনো অমঙ্গল হয়?

প্রশ্ন: বিয়ের পর নারীরা চুড়ি, নাকফুল না পরলে কি স্বামীর অমঙ্গল হয় বা আয়ু কমে যায়? বিয়ের পর  সব সময় চুড়ি ও নাকফুল পরে থাকা কি বাধ্যতামূলক?

উত্তর: স্ত্রীর চুড়ি, নাকফুল বা কাদের দুলসহ কোনো অলংকার পরা বা না পরার সঙ্গে স্বামীর অকল্যাণ বা আয়ু কমে যাওয়ার কোনো সম্পর্ক নেই। ইসলামের দৃষ্টিতে এগুলো ভ্রান্ত ধারণা, মনগড়া কুসংস্কার। কারো এ রকম বিশ্বাস থাকলে তা পরিত্যাগ করা আবশ্যক।

ইসলামে বিবাহিত নারীর জন্য চুড়ি বা নাকফুল পরা জরুরি নয় এবং না পরা গুনাহের কাজও নয়। অবিবাহিত নারীদের মত বিবাহিত নারীরাও ইচ্ছে হলে সাজসজ্জার জন্য এসব অলংকার পরিধান করতে পারেন।

ইসলামে নারীদের জন্য চুড়ি, নাকফুল, কানের দুল, গলার হার বা চেইন ইত্যাদি অলংকার পরিধান করা জায়েজ। আরবে জাহেলি যুগ থেকে নারীদের এ রকম অলংকার পরার প্রচলন ছিল। ইসলামও এই প্রচলন অনুমোদন করেছে। নবীজি (সা.) নারীদের অলংকার পরিধান করতে নিষেধ করেননি।

আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বর্ণনা করেন, নবীজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এক ইদের দিন বের হলেন এবং দুই রাকাত নামাজ পড়লেন। আগে-পরে কোনো নামাজ পড়লেন না। তারপর বেলালকে (রা.) সঙ্গে নিয়ে নারীদের কাছে গেলেন। তাদেরকে উপদেশবাণী শোনালেন এবং সদকা করতে উৎসাহ দিলেন। তখন নারীরা তাদের কানের দুল এবং হাতের চুড়ি খুলে দিতে লাগলেন। (সহিহ বুখারি: ১৪৩১)

এ হাদিস থেকে বোঝা যায় নারী সাহাবিরা কানে দুল ও হাতে চুড়ি পরতেন। নবীজি (সা.) তা অনুমোদন করেছেন। তাই এসব অলংকার পরিধান করা নিষিদ্ধ নয়।

তবে ইসলামে নারীদের অলংকার পরিধান করাকে আবশ্যক করা হয়নি। অলংকার পরিধান করতে উৎসাহও দেয়া হয়নি, এটাকে ফজিলতপূর্ণ বা মুস্তাহাবও বলা হয়নি। নারীরা তাদের ইচ্ছা ও রুচি অনুযায়ী অলংকার পরিধান করতে পারেন, নাও করতে পারেন। অলংকার পরিধানের জন্য নাক-কান ফোঁড়াতে পারেন, নাও ফোঁড়াতে পারেন। এ ক্ষেত্রে নিষেধাজ্ঞা নেই, নির্দেশ বা উৎসাহও নেই।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/162720