পুলিশ পরিচয়ে ইজিবাইক নিয়ে পালালেন ভুয়া এসআই

পুলিশ পরিচয়ে ইজিবাইক নিয়ে পালালেন ভুয়া এসআই

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় পুলিশের এসআই পরিচয়ে প্রতারণা করে একটি ব্যাটারিচালিত ইজিবাইক নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ মার্চ) দর্শনা পৌর এলাকার শ্যামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

প্রতারণার শিকার ব্যক্তি জীবননগর উপজেলার হাসাদহ ইউনিয়নের সুটিয়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আব্বাস উদ্দিন (৩৮)।

 

আব্বাসউদ্দিন বলেন, শুক্রবার সকাল ১১টার দিকে জীবননগর বাসস্ট্যান্ড থেকে একজন ব্যক্তি জীবননগর থানার এসআই পরিচয় দেন। পরে ওই ব্যক্তি জানান, তার পরিবার দর্শনায় আছে। সেখান থেকে আবার জীবননগর নিয়ে আসবেন বলে আমার ইজিবাইক ৪০০ টাকায় রিজার্ভ ভাড়া করেন।

তিনি আরও বলেন, দুপুর ১২টার দিকে দর্শনা পৌরসভার শ্যামপুর গ্রামে নুর ইসলামের বাড়ির সামনে পৌঁছাই। ওই বাড়ির সামনে আগে থেকেই একজন পুলিশের গাড়ির ড্রাইভার পরিচয়ে দাঁড়িয়ে ছিল। তখন তিনি বলেন, স্যার গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে এবং একজন গুরুতর আহত।

এরপর দ্রুত হাসপাতালে যাওয়ার কথা বলে শ্যামপুর বিজিবি ক্যাম্প পার হয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে মোবাইলে জোরে কথা বলেন। পরে পুলিশের ওই কথিত কর্মকর্তা আমাকে বলেন, ‘আপনি আমার বাড়িতে গিয়ে আমার ড্রাইভারকে নিয়ে আসেন।’

আমি ইজিবাইক নিয়ে যেতে চাইলে তিনি বলেন, না, এখানে থাকুক, আপনি ড্রাইভারকে ডেকে নিয়ে আসেন।’

আব্বাসউদ্দিন আরও বলেন, আমি ড্রাইভারকে ডাকতে নুর ইসলামের বাড়িতে যাই। সেখানে গিয়ে দেখি কেউ নেই। পরে ফিরে এসে দেখি আমার ইজিবাইকটিও নেই। এরপর আমি দর্শনা থানায় গিয়ে লিখিত অভিযোগ করি।

এ ঘটনায় দর্শনা থানার এএসআই জাহাঙ্গীর ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। আশা করছি দ্রুতই আসামিদের শনাক্ত করা যাবে।

দর্শনা থানার ওসি মেহেদী হাসান বলেন, পুলিশ পরিচয়ে শ্যামপুর থেকে একজন ব্যক্তির ইজিবাইক প্রতারণা করে নিয়ে যাওয়া হয়েছে। আমরা তদন্ত শুরু করেছি। প্রতারকদের ধরতে আমাদের একটি টিম কাজ করছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/162698