ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা, কঠোর হুঁশিয়ারি তেহরানের
আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইল ইরানের ইয়াজদ শহরে একটি ইউরেনিয়াম প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে। এছাড়া ইরানের আরাকে অবস্থিত হেভি ওয়াটার সেন্টার এবং বুশেহর পরমাণু বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করেও হামলা চালিয়েছে ইসরাইলের সামরিক বাহিনী।
এই উসকানিমূলক হামলা এমন এক সময়ে নেয়া হলো, যখন আঞ্চলিক কয়েকটি দেশের কূটনীতিকরা ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ আগ্রাসন বন্ধে মধ্যস্থতার চেষ্টা করছেন। এদিকে এসব হামলার জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান।
গত শুক্রবার (২৭ মার্চ) ছিল সংঘাতের ২৮তম দিন। এদিন ইসরাইলি সেনাবাহিনীর হামলা ছিল ইরানজুড়ে বিভিন্ন স্থাপনায় চালানো বৃহৎ আকারের অভিযানের অংশ। ইসরাইলি বিমান বাহিনী জানিয়েছে, তারা এমন একটি কারখানায় হামলা চালিয়েছে যেখানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় কাঁচামাল প্রস্তুত করা হয়। তারা এটাকে ইরানের পারমাণবিক অবকাঠামোর একটি ‘বিশেষ গুরুত্বপূর্ণ স্থাপনা’ হিসেবে উল্লেখ করেছে। ইরানের পরমাণু শক্তি সংস্থা হামলার বিষয়টি নিশ্চিত করেছে। তবে জানিয়েছে-এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং কোনো ধরনের তেজস্ক্রিয়তা ছড়ায়নি।
ইরানের পরমাণু শক্তি সংস্থা আরও জানিয়েছে, বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছেও একটি প্রজেক্টাইল (ক্ষেপণাস্ত্র বা গোলা) আঘাত হানে। তবে এতে কোনো হতাহত, আর্থিক ক্ষতি বা প্রযুক্তিগত ক্ষতি হয়নি। এই হামলায় মধ্য ইরানের খোন্দাব হেভি ওয়াটার কমপ্লেক্সে আঘাত করা হয়। পাশাপাশি দুটি বড় স্টিল কারখানাও লক্ষ্যবস্তু করা হয়। যার একটি খুজেস্তান স্টিল কারখানা এবং অপরটি ইসফাহানের মোবারাকেহ স্টিল কমপ্লেক্স। তেহরান ও এর আশপাশের এলাকা, পাশাপাশি কাশান ও আহভাজ শহরেও হামলা চালানো হয়েছে। অন্যদিকে কোম শহরে ১৮ জন নিহত হয়েছেন। এসব হামলার জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, দেশের গুরুত্বপূর্ণ শিল্প অবকাঠামোতে ইসরায়েলের হামলার জন্য ‘ভারি মূল্য দিতে হবে’। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে তিনি জানান, ইসরাইল ইরানের দুটি বৃহত্তম স্টিল কারখানা, একটি বিদ্যুৎকেন্দ্র এবং বেসামরিক পারমাণবিক স্থাপনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালিয়েছে। আরাঘচি স্পষ্ট করে বলেন, এসব হামলার জবাব ইরান কঠোরভাবে দেবে এবং এর পরিণতি ইসরাইলকে ভোগ করতে হবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/162675