ত্রয়োদশ জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যক্রমকে গতিশীল করতে জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক শুরু হয়েছে। শনিবার (২৮ মার্চ) বেলা ১১টায় জাতীয় সংসদ সচিবালয়ের কেবিনেট কক্ষে এ বৈঠক শুরু হয়।
এতে সভাপতিত্ব করছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। উপস্থিত আছেন বিরোধী দলীয় উপনেতা ডা. আবদুল্লাহ তাহেরসহ কমিটির ১১ সদস্য। মূলত, সংসদ সদস্যদের আবাসন সমস্যাসহ গুরুত্বপূর্ণ বিষয়ে সমাধানের করণীয় ঠিক করতে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা।
এদিকে, বিকেল ৪টায় জাতীয় সংসদের সরকারি দলের সংসদীয় সভাও অনুষ্ঠিত হবে। সংসদ ভবনের সরকার দলীয় সভাকক্ষে ওই বৈঠক হবে। বিএনপি সংসদীয় দলের সভায় অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে আলোচনা হতে পারে।এসব অধ্যাদেশের বিষয়ে আগামী ২ এপ্রিলের মধ্যে জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রতিবেদন দেয়ার কথা রয়েছে। আগামীকাল থেকে ত্রয়োদশ জাতীয় সংসদের পরবর্তী অধিবেশন শুরু হবে। সংসদের এই অধিবেশন চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত।
উল্লেখ্য, গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। এরপর থেকেই সংসদীয় কার্যক্রমকে নিয়মিত ও গতিশীল করতে বিভিন্ন প্রস্তুতি চলছিল। আজকের বৈঠকের মধ্য দিয়ে সংসদীয় কমিটিগুলোর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/162657