যুদ্ধ বন্ধে চাপে ডোনাল্ড ট্রাম্প, ইরান নিয়ে ভয়ে আছেন মিত্ররা
আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সঙ্গে চলমান সংঘাত বন্ধে চুক্তির সময়সীমা ঘনিয়ে আসায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তীব্র চাপের মুখে পড়েছেন। একদিকে দেশে যুদ্ধবিরোধী জনমত জোরালো হচ্ছে, অন্যদিকে মিত্ররা ইরানকে বড় হুমকি হিসেবে দেখছে।
চার সপ্তাহের বেশি সময় ধরে চলা এই সংঘাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাপক বিমান হামলার পরও ইরান সরকার টিকে আছে এবং পাল্টা কৌশল হিসেবে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল সীমিত করেছে, যা বিশ্ব জ্বালানি বাজারে প্রভাব ফেলছে।
ট্রাম্প প্রশাসন দ্রুত যুদ্ধ শেষ করতে চাইলেও বাস্তবতা জটিল। তিনি চীন সফর স্থগিত করেছেন এবং মে মাসের মধ্যে সমাধান চান। এদিকে ১৫ দফার একটি শান্তি প্রস্তাবও দিয়েছে যুক্তরাষ্ট্র।
বিশ্লেষকদের মতে, ইরান কৌশলগতভাবে যুদ্ধ দীর্ঘায়িত করে যুক্তরাষ্ট্রের ওপর অর্থনৈতিক চাপ তৈরি করতে চাইছে। তবে সমঝোতার পথে বড় বাধা রয়ে গেছে—যুক্তরাষ্ট্র চায় ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ হোক, আর ইরান চায় ক্ষতিপূরণ ও নিরাপত্তার নিশ্চয়তা।
এদিকে উপসাগরীয় দেশগুলো উদ্বিগ্ন হয়ে পড়েছে এবং যুক্তরাষ্ট্রের জনমতও ক্রমে যুদ্ধের বিপক্ষে যাচ্ছে।
সব মিলিয়ে কূটনৈতিক, সামরিক ও অভ্যন্তরীণ চাপে পড়ে ট্রাম্প এখন কঠিন পরিস্থিতির মুখে রয়েছেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/162642