বাগেরহাটে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত, ৩০ বাড়িঘরে আগুন

বাগেরহাটে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত, ৩০ বাড়িঘরে আগুন

বাগেরহাটের চিতলমারী উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিশ্বাস ও শেখ বংশের মধ্যে প্রায় তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক যুবক নিহত হয়েছেন। এ ছাড়া ২০-৩০টি বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। 

গতকাল বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার চিংগড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাজীব শেখ (২৮) ওই এলাকার ফারুক শেখের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় কয়েকটি বসতঘরে আগুন দেওয়া হয় এবং মালামাল লুটপাট করা হয়। এ ছাড়া বিশ্বাস বংশের হামলায় রাজীব শেখ নিহত হয়।

খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম খবরের কাগজকে জানান, পরিস্থিতি বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে এবং রাজীব নামে একজন নিহত হয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/162588