তেলের চাহিদা বেড়ে যাওয়ায় কালোবাজারি হচ্ছে: টুকু

তেলের চাহিদা বেড়ে যাওয়ায় কালোবাজারি হচ্ছে: টুকু

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বিদ্যুতের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর সবচেয়ে বড় বিশ্বস্ত সেক্টর হলো রিনিউবল এনার্জি। আমাদের সিরাজগঞ্জে রিনিউবল এনার্জি করার মতো প্রচুর জায়গা আছে। ভবিষ্যতে এখানে সাড়ে ৩০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন যাতে করতে পারি সেটি দেখে গেলাম। পরে এটা নিয়ে সেভাবেই কাজ করা হবে।

আজ শুক্রবার (২৭ মার্চ) দুপুরে সিরাজগঞ্জের সয়দাবাদ ৬৮ মেগাওয়াট সোলার পার্ক পরিদর্শন শেষ সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। 

টুকু বলেন, প্রধানমন্ত্রীর লক্ষ্য-দেশের কোনো জমি ফাঁকা থাকবে না। যেখানে সম্ভব, সেখানে সৌরবিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তেলের কোনো সমস্যা নেই।

তবে আগে যে পেট্রোল পাম্পে দিনে এক লরি তেল লাগতো। এখন হঠাৎ করে ইরান যুদ্ধের কারণে মানুষ বেশি তেল সংগ্রহ করার চেষ্টা করছে। যার ফলে একটি পেট্রোল পাম্প সারা দিনে যে তেল বিক্রি করতো, এখন দুই তিন ঘণ্টাতেই সেই তেল বিক্রি হয়ে যাচ্ছে। পেট্রোল পাম্পের যে ধারণ ক্ষমতা আছে, সেটার যদি ব্যবহার বেশি হয়ে যায় তাহলে তো স্বাভাবিকভাবেই বন্ধ হয়ে যাবে।

টুকু বলেন, তেল সরবরাহ সবসময়ই আছে। তবে হঠাৎ করে তেলের চাহিদা বেড়ে যাওয়ার মধ্যে দুর্নীতি আছে এবং কালোবাজারি হচ্ছে। সারাদেশেই সেটা ধরা পড়ছে। সারাদেশের জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের নির্দেশ দেওয়া হয়েছে, তারা এ বিষয়ে মনিটরিং করছে।  

এর আগে মন্ত্রী সিরাজগঞ্জ ৬৮ মেগাওয়াট সোলার পার্ক প্রকল্প এলাকা ঘুরে দেখেন।

এরপর প্রকল্পের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন। 

এ সময় নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, প্রকৌশলী হাসিবুল হাসান, সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান মো. শাহ আলম, সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, সিরাজগঞ্জ ৬৮ মেগাওয়াট প্রকল্প পরিচালক তানবীর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/162569