নিহত পরিবারকে ২৫ হাজার ও আহতদের ১৫ হাজার টাকা দেবে সরকার
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা ও আহতদের ১৫ হাজার টাকা করে সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান।
বুধবার দিবাগত রাতে ঘটনাস্থলে তিনি জানান, এখন পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আরও অনেকে নিখোঁজ রয়েছেন। উদ্ধার অভিযান নদীর বিস্তীর্ণ এলাকায় অব্যাহত থাকবে।
জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, প্রায় ৭ ঘণ্টা চেষ্টার পর ডুবে যাওয়া বাসটি উদ্ধার করা হয়েছে। তবে বাসে মোট কতজন ছিলেন তা নিশ্চিত নয়। নিহতদের মধ্যে নারী ও পুরুষ উভয়ই রয়েছেন।
ফায়ার সার্ভিসের ডুবুরি দল বাসের ভেতর থেকে একের পর এক মরদেহ উদ্ধার করে। ফরিদপুর ফায়ার সার্ভিসের কমান্ডার মো. বেলাল উদ্দিন জানান, ডুবুরি ও সহকারী ডুবুরিসহ একাধিক দল উদ্ধারকাজে অংশ নিয়েছে।
বুধবার বিকেলে সৌহার্দ্য পরিবহনের একটি বাস প্রায় ৫০ জন যাত্রী নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায় এবং মুহূর্তেই তলিয়ে যায়। এখনো নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/162407