বগুড়ার শিবগঞ্জে নতুন ঘর পেলেন ৮০ বছরের বৃদ্ধ তসলিম উদ্দিন

বগুড়ার শিবগঞ্জে নতুন ঘর পেলেন ৮০ বছরের বৃদ্ধ তসলিম উদ্দিন

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জে ৮০ বছর বয়সী অসহায় বৃদ্ধ তসলিম উদ্দিনকে একটি নতুন ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। সিটিজেন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (সিডিএফ) উদ্যোগে উপজেলার কিচক ইউনিয়নের বের পাতাইর পশ্চিম পাড়া গ্রামে বৃদ্ধকে ঘরটি নির্মাণ করে দেয়া হয়।

জানা গেছে, বৃদ্ধ তসলিম উদ্দিন দীর্ঘদিন ধরে ভিক্ষাবৃত্তির মাধ্যমে জীবিকা নির্বাহ করে আসছিলেন। নিজের কোনো জায়গা-জমি না থাকায় ছোট ছেলেকে নিয়ে অন্যের জমিতে কষ্টে জীবনযাপন করে আসছিলেন। স্থানীয় বাসিন্দা মোফাজ্জল হোসেন মানবিক দৃষ্টিকোণ থেকে তাকে বসবাসের জন্য জমি প্রদান করেন। সেই জমিতেই সিডিএফ-এর সহযোগিতায় ঘরটি নির্মাণ করে দেওয়া হয়।

সিডিএফ’র পরিচালক আব্দুল আলিমের সার্বিক সহায়তায় গত ২৪ মার্চ বিকেলে ফিতা কেটে নতুন ঘর উপহার প্রদান করেন প্রধান অতিথি শিবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুর রউফ রুবেল। এসময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক পবন রায়, প্রেস ক্লাবের সহ-সভাপতি সাজু মিয়া, সমাজসেবক আপেল মাহমুদ, আব্দুল হালিম, মেহেদুল ইসলাম, মামুনুর রশিদ, মাসুদ, মেহেদুল ইসলাম, সাখাওয়াত হোসেন, হিরুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য, সিডিএফ দীর্ঘদিন যাবত প্রবীণ ও অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/162368