হামজা কে নিয়ে সতর্ক ক্যাবরেরা
স্পোর্টস ডেস্ক: ভিয়েতনাম ইতোমধ্যে এশিয়া কাপ নিশ্চিত করেছে। বাংলাদেশের চেয়ে তারা র্যাংকিংয়ে ৭৮ ধাপ এগিয়ে। তাই আজ ভিয়েতনামের হ্যানয়ে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশের অধিনায়ক জামাল ভূইয়া বাস্তবতার নিরিখেই কথা বলেছেন।
বাংলাদেশের অধিনায়ক জামাল ভূইয়া বলেন, ‘এটি একটি কঠিন ম্যাচ হবে, তবে বাংলাদেশ উন্নতি করছে। আমরা বিশ্বাস করি, ভিয়েতনামের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার সামর্থ্য আমাদের আছে।’

বাংলাদেশ দলের প্রাণভোমরা হামজা দেওয়ান চৌধুরী। তিনি গতকাল বিকেলে ইংল্যান্ড থেকে ভিয়েতনাম এসে পৌঁছেছেন। আজ অনুশীলন করার সুযোগ পাবেন তিনি। তাকে নিয়ে বাংলাদেশ দলের স্পেনিশ হেড কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা বলেন, ‘হামজা গতকাল বিকেলে এসে পৌঁছেছে। সে ভালো আছে, তবে আবহাওয়া ও সময়ের সঙ্গে মানিয়ে নিতে কিছুটা সময় লাগবে। আমরা তাকে পর্যবেক্ষণ করে ম্যাচে তার খেলার সম্ভাবনা বিবেচনা করব।’কোচের এমন মন্তব্যে হামজার একাদশে খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছে। ৯ অক্টোবর ঢাকায় এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে ম্যাচের আগের দিন কানাডা থেকে এসেছিলেন। গুরুত্বপূর্ণ ম্যাচ হলেও ক্যাবরেরা তাকে একাদশে রাখেননি। তাই আগামীকাল প্রীতি ম্যাচের শুরুতেই হামজা থাকেন কি না সেটা সময় বলে দেবে।
কোচ ক্যাবরেরা অবশ্য কালকের ম্যাচের উদ্দেশ্য বেশ স্পষ্ট করেই বলেন, ‘আমাদের প্রধান লক্ষ্য হলো আসন্ন অফিসিয়াল ম্যাচ যা সিঙ্গাপুরের বিপক্ষে। ভিয়েতনামের মতো শক্তিশালী দলের বিপক্ষে খেলা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এটি আমাদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে।’ প্রতিপক্ষ স্বাগতিক ভিয়েতনাম নিয়ে বলেন, ‘জুয়ান সনের উপস্থিতি, এবং স্কোয়াডে আরেকজন ব্রাজিলীয় বংশোদ্ভূত খেলোয়াড় (হোয়াং হেন) থাকায় ভিয়েতনাম একটি খুব শক্তিশালী দল। আমরা আশা করি বাংলাদেশ ভিয়েতনামের সবচেয়ে শক্তিশালী দলের মুখোমুখি হবে।’