বগুড়ার ধুনটে ছাত্রীকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে প্রেমিকের বিরুদ্ধে মামলা

বগুড়ার ধুনটে ছাত্রীকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে প্রেমিকের বিরুদ্ধে মামলা

ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনট উপজেলায় রনি আকতার (১৯) নামে মাদ্রাসার এক ছাত্রীকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে তার প্রেমিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। নিহত রনি আকতারের বাবা রফিকুল ইসলাম বাদি হয়ে থানায় এ মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার বিলচাপড়ী গ্রামের রফিকুল ইসলামের মেয়ে রনি আকতার বিলচাপড়ী দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী। শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতের পথে প্রায় দুই বছর আগে একই গ্রামের সেলিম মিয়ার ছেলে সাজ্জাদ হোসেনের (১৯) সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। রনি আকতার দীর্ঘদিনের প্রেমের কাহিনী প্রতিদিন তার নিজের ডায়েরিতে লিখে রাখেন।

এদিকে ১৯ মার্চ বেলা ১১টার দিকে রনি আকতারকে বিয়ের কথা বলে নিজ বাড়িতে নিয়ে আসেন সাজ্জাত হোসেন। কিন্তু বাড়িতে নেয়ার পর মা-বাবা ও পরিবারের অন্যান্য লোকজন গালিগালাজ করে রনিকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়।

এসময় ওই বাড়ি থেকে রাস্তায় নেমেই রনি আকতার বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে অসুস্থ হয়ে পড়েন। তখন রনির স্বজনরা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন দুপুর আড়াইটার দিকে রনি আকতার মারা যান।

এ ঘটনায় ২০ মার্চ নিহত রনি আকতারের বাবা রফিকুল ইসলাম বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় প্রেমিক সাজ্জাদ হোসেনসহ একই পরিবারের তিনজনকে আসামি করা হয়েছে। ঘটনার পর থেকে সাজ্জাদ হোসেন ও তার পরিবারের লোকজন পলাতক থাকায় এ বিষয়ে তাদের কোন বক্তব্য পাওয়া যায়নি।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতার প্রমাণ পাওয়া গেছে। নিহত রনির পড়ার টেবিল থেকে প্রেমের কাহিনী লেখা নিজের ডায়েরি জব্দ করা হয়েছে। এ মামলার আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/162279