‘কোথায় কোথায় ফুটপাত দখলে আছে’–জানতে চাইল ডিএনসিসি

‘কোথায় কোথায় ফুটপাত দখলে আছে’–জানতে চাইল ডিএনসিসি

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন এলাকার কোথায় কোথায় ফুটপাত দখলে আছে এবং কোথায় উচ্ছেদ অভিযান চালানো প্রয়োজন, তা সরাসরি নাগরিকদের কাছেই জানতে চেয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (২৪ মার্চ) ডিএনসিসির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এ বিষয়ে একটি পোস্ট দিয়ে জনমত ও তথ্য যাচাইয়ের এই অভিনব উদ্যোগ নেওয়া হয়।

ডিএনসিসি সূত্রে জানা গেছে, এই পোস্টের মাধ্যমে নাগরিকদের কাছ থেকে ফুটপাত দখলের প্রকৃত তথ্য সংগ্রহ করতে চায় সংস্থাটি। প্রাপ্ত অভিযোগগুলোর সত্যতা যাচাই করে একটি তালিকা তৈরি করা হবে এবং সেই অনুযায়ী দখলমুক্ত করার অভিযান শুরু করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন।

ডিএনসিসির ফেসবুক পেজে পোস্টটি দেওয়ার মাত্র এক ঘণ্টার মধ্যেই এতে প্রায় সাড়ে চার হাজার মন্তব্য জমা পড়ে। সাধারণ নাগরিকেরা স্বতঃস্ফূর্তভাবে তাদের নিজ নিজ এলাকার ফুটপাত দখলের চিত্র তুলে ধরছেন। মন্তব্যের ঘরে ডিএনসিসির অধিকাংশ এলাকার নাম ও সুনির্দিষ্ট স্থানের তথ্য দিয়ে ফুটপাত উদ্ধারের দাবি জানিয়েছেন বাসিন্দারা।

ডিএনসিসি কর্তৃপক্ষ জানিয়েছে, জনগণের দেওয়া এসব তথ্য গুরুত্বের সঙ্গে বিবেচনা করে পরবর্তী আইনি পদক্ষেপ ও উচ্ছেদ কার্যক্রমের পরিকল্পনা সাজানো হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/162258