ভারত থেকে জ্বালানি আমদানিতে গ্রীন সিগন্যাল পাওয়া গেছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে বিশ্বজুড়ে যে জ্বালানি সংকট দেখা দিয়েছে, তা মোকাবেলায় প্রতিবেশী দেশ ভারত থেকে জ্বালানি আমদানি করার বিষয়ে দেশটিকে বাংলাদেশ যে আগ্রহের কথা জানিয়েছিল, সে বিষয়ে গ্রীন সিগন্যাল মিলেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
মঙ্গলবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
এদিকে, ভারতে গ্রেফতার হওয়া শরীফ ওসমান হাদি হত্যার আসামি ফয়সাল করিম ও আলমগীর হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য এখনো ভারতের কাছ থেকে কনস্যুলার অ্যাক্সেস পায়নি ঢাকা। তবে দ্রুতই অ্যাক্সেস পাবে, এমন আশা করছে সরকার। আর তাদের দেশে ফিরিয়ে এনে বিচার করা সরকারের অগ্রাধিকার বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
ভিন্ন এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, শেখ হাসিনাসহ ভারতে যারা পালিয়ে আছে, তাদের ফেরত আনার বিষয়ে দেশটির হাইকমিশনারের সাথে কথা হয়েছে।
আরেক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে বাংলাদেশিদের সার্বক্ষণিকভাবে নিরাপত্তা দিতে কাজ করছে সকল মিশন। ইরানে থাকা ২ হাজারের বেশি বাংলাদেশি দেশটিতে নিরাপদে আছেন। তারা ফিরতে চাইলে সরকার কাজ করবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/162245