মানব পাচার মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাসুদ উদ্দিনকে

মানব পাচার মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাসুদ উদ্দিনকে

রাজধানী থেকে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে পল্টন থানায় করা মানব পাচার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে এ বিষয়ে সংবাদ সম্মেলনে আরও বিস্তারিত জানাবেন ডিবি প্রধান মো. শফিকুল ইসলাম। 

এর আগে ডিবিপ্রধান শফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে মানব পাচার ছাড়াও প্রতারণা, চাঁদাবাজি, হত্যাসহ মোট পাঁচটি মামলা রয়েছে। এছাড়া ফেনীতে দায়ের করা বৈষম্যবিরোধী একটি মামলায় তার বিরুদ্ধে আগে থেকেই গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

ডিবিপ্রধানের নেতৃত্বে একটি দল বারিধারা ডিওএইচএসের ২ নম্বর লেনের ১৫৩ নম্বর বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে তাকে ডিবি কার্যালয়ে নেয়া হয়।

উল্লেখ্য, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসন থেকে জাতীয় পার্টির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন মাসুদ উদ্দিন চৌধুরী। এর আগে তিনি আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করলেও পরে দল পরিবর্তন করে জাতীয় পার্টি থেকে নির্বাচন করেন। সাবেক এই সেনা কর্মকর্তা এক-এগারোর সময় আলোচনায় আসেন এবং পরবর্তীতে গুরুতর অপরাধ দমন-সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়কের দায়িত্ব পালন করেন। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের পর তাকে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয় এবং তার মেয়াদ একাধিকবার বাড়ানো হয়। সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পর তিনি জনশক্তি রপ্তানিসহ বিভিন্ন ব্যবসায় যুক্ত ছিলেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/162223