সিরাজগঞ্জের শাহজাদপুরে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে গলা কেটে হত্যা
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের সড়াতৈল গ্রামের সোহেল রানা (২৪) নামে এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে। সোহেল ওই গ্রামের আজাদ মন্ডলের ছেলে। ঈদের দিন শনিবার বেলা ১১টার দিকে পুলিশ একই ইউনিয়নের চিনাধুকুরিয়া গ্রামের একটি ধান ক্ষেত থেকে সোহেলের গলা কাটা লাশ উদ্ধার করে।
নিহতের স্বজনরা জানান, ঈদের আগের দিন শুক্রবার রাত ৮টার দিকে ঈদ বোনাস দেওয়ার কথা বলে ৩/৪ জন যুবক সোহেলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তারপর থেকে সে নিখোঁজ ছিল। রাতে অনেক খোঁজাখুজি করেও তার সন্ধান পওয়াা যায়নি। পরদিন সকালে পথচারীরা চিনাধুকুরিয়া গ্রামের ধান ক্ষেতে একটি গলা কাটার লাশ দেখতে পান। এক পর্যায়ে বিষয়টি জানাজানি হলে সোহেলের মা রুবী খাতুন ঘটনাস্থলে গিয়ে ছেলের লাশ শনাক্ত করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, সোহেল রানাকে বাড়ি থেকে ডেকে নিয়ে নির্মমভাবে হত্যা করে ধান ক্ষেতে ফেলে রাখা হয়েছিল। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, এই ঘটনায় নিহতের মা রুবী খাতুন বাদি হয়ে ইউনিয়ন বিএনপি’র নেতা সাইফুল ইসলামের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৫/৬ জনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/162218