ফুটপাত ও সড়ক দখলমুক্তে ১ এপ্রিল থেকে ডিএমপির অভিযান

ফুটপাত ও সড়ক দখলমুক্তে ১ এপ্রিল থেকে ডিএমপির অভিযান

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় দোকান, রেস্টুরেন্ট ও ওয়ার্কশপের বর্ধিতাংশে ফুটপাত ও সড়ক দখলের কারণে জনদুর্ভোগ বাড়ছে। পথচারীর চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি তৈরি হচ্ছে তীব্র যানজট ও নিরাপত্তা ঝুঁকি। এ পরিস্থিতিতে অবৈধ দখল সরিয়ে নিতে ব্যবসায়ীদের নির্দেশ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। অন্যথায় আগামী ১ এপ্রিল থেকে মোবাইল কোর্টের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে কারাদণ্ড, অর্থদণ্ডসহ কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

আজ সোমবার (২৩ মার্চ) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক গণ-বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

গণ-বিজ্ঞপ্তিতে বলা হয়, মহানগরীর বিভিন্ন এলাকায় সড়কের পাশে বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান, দোকান যেমন- খাবার রেস্টুরেন্ট, যানবাহন মেরামতের ওয়ার্কশপ, ওয়েল্ডিং ওয়ার্কশপ, পোশাক সামগ্রীর দোকান, আসবাবপত্রের দোকান ইত্যাদির কার্যক্রম অনেক ক্ষেত্রেই নিজস্ব দোকানের বাইরে অবৈধভাবে ফুটপাত ও রাস্তায় সম্প্রসারণপূর্বক পরিচালিত হচ্ছে। এসব রেস্টুরেন্টের রান্না করার বার্নার, হাঁড়িপাতিল, গ্রিল/কাবাব তৈরির মেশিন, মোটর ওয়ার্কশপের পুরাতন/নতুন টায়ার, বিভিন্ন যন্ত্রপাতি, ওয়েল্ডিং ওয়ার্কশপের খুচরা মালামাল, পোশাকের দোকানের প্রদর্শনী, আসবাবপত্রের দোকানের ফার্নিচার ইত্যাদি ফুটপাত এবং রাস্তার ওপরে রাখা হয়।

আরও বলা হয়, এমনকি মোটরগাড়ির ওয়ার্কশপ/পার্টসের দোকানগুলো প্রায়ই ফুটপাত ও রাস্তার একলেন দখল করে গাড়ি মেরামত করা হয়ে থাকে। এ সব ক্ষেত্রে ফুটপাত দিয়ে পথচারীদের চলাচলে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ার পাশাপাশি তাদের নিরাপত্তাও হুমকির মুখে পড়ে এবং পথচারীরা রাস্তায় চলাচলের ফলে সড়কে যানজটের সৃষ্টি হয়।

এমতাবস্থায়, মহানগরীর সব এলাকার দোকান, ওয়ার্কশপ ও ব্যবসা প্রতিষ্ঠান ইত্যাদির মালিকরা যে সব ফুটপাত ও রাস্তা অবৈধভাবে দখল করে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছেন তাদেরকে ফুটপাত ও রাস্তা থেকে মালামাল/সরঞ্জামাদি অনতিবিলম্বে জনস্বার্থে অপসারণের জন্য অনুরোধ করা হলো।

অন্যথায়, আগামী ১ এপ্রিল থেকে ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সামারি ট্রায়াল ও মোবাইল কোর্টের মাধ্যমে আইন অমান্যকারী ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/162179