একসঙ্গে এতগুলো মূল্যবান প্রাণহানি জাতির জন্য অপূরণীয় ক্ষতি:কৃষিমন্ত্রী
কুমিল্লার সদর দক্ষিণের পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় সংঘটিত মর্মান্তিক বাস ও ট্রেন দুর্ঘটনায় প্রাণহানিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
আজ রোববার (২২ মার্চ) এক শোকবার্তায় তিনি এই দুর্ঘটনায় আহতদের সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. মামুন হাসানের পাঠানো এই শোক বার্তায় মন্ত্রী আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
শোক বার্তায় কৃষিমন্ত্রী বলেন, এই হৃদয়বিদারক দুর্ঘটনায় একসঙ্গে এতগুলো মূল্যবান প্রাণহানি জাতির জন্য অপূরণীয় ক্ষতি। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি এবং সংশ্লিষ্টদের তাদের সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে এ ধরনের দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করছি।
মন্ত্রী আরও বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে সকলকে আরও সচেতন হতে হবে এবং দায়িত্বশীল আচরণ করতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক ঘটনা এড়ানো যায়।
কৃষিমন্ত্রী নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।